নোট-গাইডের বিদায়ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হলে কোচিং, নোট-গাইড ও গৃহশিক্ষক-নির্ভরতা থাকবে না। দেশজুড়ে এই আশাবাদ ছড়িয়ে দেওয়া হলেও শিক্ষার্থীর মেধা ও সৃজনশীলতায় প্রতিবন্ধকতা তৈরি করা—এসব অব্যবস্থার একটিও বন্ধ হয়নি। তবে সৃজনশীল শিক্ষাব্যবস্থার শত্রু হিসেবে পরিচিত নোট-গাইড ও কোচিংয়ের বিদায়ঘণ্টা বেজে উঠেছে।শিক্ষা কর্মকর্তারা বলছেন, সৃজনশীল প্রশ্নে এবার সাতটি বিষয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। নোট-গাইড থেকে একটি প্রশ্নও আসেনি। কিন্তু তার পরও নোট-গাইডের প্রভাব থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা।ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, সৃজনশীল পদ্ধতি চালু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাই বুঝতে পারছেন, এ ধরনের নিম্নমানের বই পড়ে ও কোচিং সেন্টারে ছুটে লাভ নেই। তিনি বলেন, মূল্য দিয়ে নোট-গাইড না কিনে বিনা মূল্যে দেওয়া সরকারের বই পড়লে ভালো নম্বর পাওয়া যায়—এই ধারণা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে।শিক্ষাবিদ ও সৃজনশীল প্রশ্ন চালুর আগে গঠিত সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটির সদস্য মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, শিশুরা এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছে। এখন যেসব ত্রুটি-বিচ্যুতি, ঘাটতি ও সীমাবদ্ধতা আছে, সেগুলো দূর করলে মাধ্যমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আসতে পারে।শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষকদের একটি বড় অংশ এখনো সৃজনশীল প্রশ্নপদ্ধতি আয়ত্ত করতে পারেনি। এ ধরনের প্রশ্ন করার জন্য যে ধরনের পড়াশোনা ও পরিশ্রম করতে হয়, তা অনেকেই করতে চান না। তা ছাড়া সরকারি উদ্যোগে শিক্ষকদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, তা হয়নি। যেটা হয়েছে, তা সামান্য এবং আংশিক।এ প্রসঙ্গে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, সৃজনশীল প্রশ্নপদ্ধতি সফল করতে শিক্ষক প্রশিক্ষণ চলছে, তবে এটা আরও নিবিড়ভাবে হলে ভালো হতো।রাজশাহী সরকারি মাদ্রাসার (প্রকৃতপক্ষে বিদ্যালয়) শিক্ষিকা আজমিরা খাতুন প্রথম আলোকে বলেন, সৃজনশীল একটি ভালো পদ্ধতি। কিন্তু দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের অভাবে এই পদ্ধতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হওয়ায় যোগ্যদের অনেকেই শিক্ষক হতে পারেননি। এ ছাড়া প্রশিক্ষণ হলেও তা পর্যাপ্ত নয়। তিনি আরও বলেন, যে শিক্ষক নড়বড়ে, তাঁকে প্রশিক্ষণ দিলেও অনেক সময় লাভ হয় না।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রধান সম্পাদক সরকার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, মাধ্যমিক স্তরে শিক্ষকের সংখ্যা অনেক। তা সত্ত্বেও তাঁরা এখন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পাচ্ছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সনদ অর্জন করার শর্ত দেওয়ায় অযোগ্যদের শিক্ষকতা পেশায় আসার পথ অনেকটা বন্ধ হয়েছে। তিনি আরও বলেন, মাধ্যমিক স্তরে পর্যায়ক্রমে নতুন পাঠ্যক্রম হচ্ছে এবং ওই পাঠ্যক্রমের সঙ্গে সংগতিপূর্ণ সৃজনশীল প্রশ্ন চালু হলে তা শিক্ষার গুণগত মান বাড়াতে ভূমিকা রাখবে।সৃজনশীলের ফল কেমন হয়েছে: গতকাল প্রকাশিত ফল পর্যালোচনা করে দেখা গেছে, সৃজনশীল প্রশ্নপত্রের অধীনে নেওয়া সাতটি বিষয়ের ফল আগের তুলনায় ভালো হয়েছে অথবা ফল একই রকম আছে। ঢাকা বোর্ডের রসায়ন বিষয়ে গত বছর পাসের হার ছিল ৯৭ শতাংশ, সৃজনশীল প্রশ্নে এবার ওই হার ১ শতাংশ বেড়ে হয়েছে ৯৮ শতাংশ। একই বোর্ডে সাধারণ বিজ্ঞান বিষয়ে পাসের হার গত বছর ছিল ৯৬ শতাংশ, এবার সৃজনশীল প্রশ্নে ওই হার ১ শতাংশ কমেছে। অন্যদিকে ব্যবসায় পরিচিতি বিষয়ে গত বছরের মতো এবারও পাসের হার ৯৯ শতাংশ রয়েছে।সৃজনশীল পদ্ধতিতে একজন শিক্ষার্থীর জ্ঞান স্তর, অনুধাবন স্তর, প্রয়োগ স্তর এবং উচ্চতর দক্ষতা যাচাই করা হয়। প্রশ্নপত্রে তুলে দেওয়া একটি অনুচ্ছেদের ভিত্তিতে ১০ নম্বরের একটি প্রশ্ন থাকে। এর চারটি অংশ তথা ক, খ, গ, ঘ এবং মানবণ্টন হয় যথাক্রমে ১, ২, ৩, ৪। মোট ছয়টি প্রশ্নে ৬০ নম্বর, বাকি নম্বর নৈর্ব্যক্তিক বা ব্যবহারিক প্রশ্নে বরাদ্দ থাকে। প্রতিটি প্রশ্ন হয় মৌলিক, অর্থাৎ একবার কোনো প্রশ্ন ব্যবহূত হলে তা পুনরায় ব্যবহার করা যায় না। ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণী থেকে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ধাপে ধাপে যখন মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে, তখন এই প্রশ্নপদ্ধতি তাদের কাছে আরও বেশি সহজবোধ্য হয়ে উঠবে।গণিত ও ইংরেজিতে সৃজনশীল হচ্ছে না: ২০১০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ে (চারটি) সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হয়। ২০১১ সালে এর সঙ্গে যুক্ত হয় আরও পাঁচটি বিষয়। এগুলো হচ্ছে: সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি। ২০১২ সালের এসএসসি পরীক্ষায় সবগুলো বিষয়ে সৃজনশীল প্রশ্ন চালু হবে। তবে গণিত, ইংরেজি ও বাংলা দ্বিতীয় পত্রে গতানুগতিক প্রশ্নপদ্ধতি অব্যাহত থাকবে।এ প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিন ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, ইংরেজি বিষয়ে এখনকার প্রশ্নপত্র অনেকটাই সৃজনশীল। আর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন চালু হবে কি না, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।তবে এনসিটিবির একটি সূত্র জানায়, শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইংরেজি বিষয়ে হাত দিতে আগ্রহী নন। কারণ পাস-ফেলের মূল নিয়ামক হচ্ছে ইংরেজি। এই একটি বিষয়ে পাসের হার সামগ্রিক পাসের হারে ইতিবাচক প্রভাব ফেলে। এর বড় উদাহরণ ঢাকা বোর্ডের ইংরেজির ফল। এই বোর্ডে পাসের হার বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে ইংরেজি। গত বছর ইংরেজি প্রথম পত্রে পাসের হার ছিল ৮৯ শতাংশ, এবার তা ৯৭ শতাংশ। অন্যদিকে ইংরেজি দ্বিতীয় পত্রে গত বছর পাসের হার ছিল ৯০ শতাংশ, এবার ওই হার ৯৫ শতাংশ। ঢাকা বোর্ডের গড় পাসের হার ৭৮ শতাংশ (২০১০) থেকে বেড়ে এ বছর ৮৪ দশমিক ৬৩ শতাংশে উন্নীত হওয়ার নেপথ্যে রয়েছে ইংরেজিতে পাসের হার বৃদ্ধি।শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, গণিতে সৃজনশীল প্রশ্ন কেন চালু হবে না, তা তাঁর বোধগম্য নয়। তবে গণিতে সৃজনশীল প্রশ্ন করা সম্ভব না হলে বিদ্যমান প্রশ্নের কাঠামোয় পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিকতা, তাঁদের প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি।বেশি নম্বর দিতে বলা হয়: কয়েক বছর ধরে খাতা মূল্যায়নকারী শিক্ষকদের বেশি নম্বর দিতে উৎসাহিত করা হয়। শিক্ষা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার না করলেও পরীক্ষা বিষয়ে আয়োজিত বিভিন্ন সভায় শিক্ষকদের এই পরামর্শ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষক এই প্রতিবেদককে জানান, তাঁদের উদারভাবে নম্বর দিতে বলা হয়। কেউ এটা না করলে তিরস্কৃত হন, ভবিষ্যতে খাতা দেখতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়।তবে এ ধরনের অভিযোগ সত্য নয় জানিয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, সৃজনশীল প্রশ্ন চালুর প্রথম বছরে কিছু ভুলত্রুটি হয়েছিল। এ জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের একসঙ্গে বসিয়ে খাতা দেখানোর চর্চা করানো হয়েছে। তিনি আরও বলেন, এ বছর অভিন্ন প্রশ্নে প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষক ও পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার আগে এই পদ্ধতি সম্পর্কে আরও বেশি পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে।