রাজধানীর বেগুনবাড়িতে গত ২ জুন রাতে অননুমোদিত একটি পাঁচতলা ভবন উপড়ে পাশের টিনের বাড়িতে পড়লে প্রাণ হারায় ২৫ জন। এর কয়েক দিন পর হেলে পড়েছিল পাশের একটি সাততলা ভবন। এসব ঘটনার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বেগুনবাড়ি ও এর আশপাশের এলাকার ৪৪টি ভবনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে সেগুলো ভেঙে ফেলার নোটিশ দেয়।জুন মাসের শেষ দিকে ওই নোটিশ দেওয়া হয়। এরপর এক মাস পেরিয়ে গেছে। এ ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবনগুলো একই অবস্থায় রয়ে গেছে। এগুলোতে ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত মানুষ। হেলে পড়া ভবনটি ভাঙার ব্যাপারে রাজউকের উদ্যোগও থেমে গেছে।এ বিষয়ে জানতে গতকাল রাতে যোগাযোগ করা হয় রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদার সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ বাড়িগুলো ভেঙে ফেলতে নোটিশ দেওয়া হয়েছিল, এটা ঠিক। কিন্তু সামনে রমজান মাস, তারপর ঈদ। এ জন্য সময় দেওয়া হয়েছে। ঈদের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।রাজউকের অথরাইজড বিভাগ জানায়, যে ৪৪টি ঝুঁকিপূর্ণ বাড়িকে নোটিশ দেওয়া হয়েছে, সেগুলোর কোনোটিরই অনুমোদিত নকশা নেই। রাজউকের কর্মকর্তারা জানান, দোতলা-তিনতলা টিনের বাড়িগুলো ভেঙে দেওয়ার পর আবার নির্মাণ করা হচ্ছে। বাধা দিলেও বাড়ির মালিকেরা মানছেন না। বেগুনবাড়ি ও এর আশপাশের এলাকার ঝুঁকিপূর্ণ পাকা ভবনের মালিকদের সেগুলো ভেঙে ফেলার জন্য সময় দেওয়া হয়েছে। তবে এতে তাঁরা খুব একটা ভ্রুক্ষেপ করছেন না।এলাকার সচেতন বাসিন্দাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনমালিকদের বিরুদ্ধে রাজউক কোনো ব্যবস্থা না নিয়ে একরকম চুপ করে আছে।বেগুনবাড়িতে উপড়ে পড়া ভবনের স্থানে কয়েক দিন আগে গিয়ে দেখা যায়, ওই এলাকার পরিবেশ এখন অনেকটা স্বাভাবিক। উপড়ে পড়া ভবনের নিচে চাপা পড়া টিনের ঘরগুলোর স্থানে আবারও উঠছে ঘর। আছে সরু গলির ধার ঘেঁষে ঝুঁকিপূর্ণ ভবনও। গায়ে গায়ে লেগে থাকা পাকা, আধা পাকা এবং টিনের তিনতলা-চারতলা বাড়িগুলোতে আগের মতোই বসবাস করছে অনেক পরিবার। কোনো কোনো বাড়িতে যাতায়াতের রাস্তাও নেই, এসব বাড়ির বাসিন্দাদের চলাচল করতে হয় সাঁকোয়। বোঝার উপায় নেই, মাত্র দুই মাস আগেই এখানে ২৫ জনের প্রাণ কেড়ে নেওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে।বেগুনবাড়ির বাসিন্দা আবদুল্লাহ বলেন, ‘প্রথম প্রথম অভিযান হয়েছিল। রাজউকের লোকেরা এখন আর আসেন না। সব স্বাভাবিক হয়ে উঠছে। আবার বড় দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত হয়তো অবস্থা এ রকমই থাকবে।’হেলে পড়া সাততলা ভবনটি পাঁচতলা হয়ে দাঁড়িয়ে আছে। ভবনটি হেলে পড়ার পর জুনের মাঝামাঝি ওপরের দুটি তলা ভেঙে দেয় রাজউক। বাড়ির মালিকপক্ষ বাকি তলাগুলো ভেঙে ফেলার কথা বলায় রাজউক সময় দিয়েছিল, কিন্তু ভাঙা হয়নি। বাড়ির মালিক প্রয়াত মো. নাসির উদ্দিনের ছেলে নয়ন জানান, বাড়ি ভাঙার ব্যাপারে রাজউকের কাছে আরও এক মাস সময় চাইবেন তাঁরা।ওই বাড়ির আশপাশের বাড়িগুলোও ঝুঁকিপূর্ণ। একটি বাড়ির ভাড়াটে কফিলউদ্দিন বলেন, এখানে ভাড়া তুলনামূলক কম। তাই এখানে না থেকে তাঁরা যাবেন কোথায়?রাজউকের সংশ্লিষ্ট অথরাইজড কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হেলে পড়া সাততলা ভবনের কিছু অংশ রাজউক ভেঙে দিয়েছে। বাড়ির মালিক নিজ উদ্যোগে বাকি অংশ ভেঙে ফেলবেন বলে জানালে তাঁকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু ভবনটি ভাঙা হয়নি। রাজউক এ ব্যাপারে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছে।ঝুঁকিপূর্ণ ৪৪ ভবন: বেগুনবাড়ি ও এর আশপাশ এলাকার ৪৪টি ভবনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে রাজউক। রাজউকের পক্ষ থেকে জানানো হয়, এসব বাড়ির মালিকদের নোটিশ দেওয়া হয়েছে।যে ৪৪টি বাড়িকে নোটিশ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে আছে: দক্ষিণ বেগুনবাড়ির ৫/৫ নম্বর বাড়ি (মালিক: মোবারক হাওলাদার), ৫/৭ (মো. সুমন), ৫/৫-এ (মো. হোসেন সেলিম), ৫/৬ (আবদুর রাজ্জাক চৌধুরী), ৭/সি (মনির হোসেন), ১২/৪ (রুহুল আমিন), ১২/৬ (মো. জামাল উদ্দিন), ১২/৫ (নাজিম উদ্দিন বেপারী), ১২/ডি (নাইমা সুলতানা), ১২/২ (নাছিরউদ্দিন), মধ্য বেগুনবাড়ির ১২ নম্বর বাড়ি (মো. জাহাঙ্গীর), ১২/ডি (আবুল কাশেম ভূঁইয়া), উত্তর বেগুনবাড়ির ৪২ নম্বর বাড়ি (মহিউদ্দিন আহম্মেদ), ৪৭ (ইসলাম উদ্দিন), ৩৭/২ (সাফাজ্জন), ৪৫ (আবদুর রহমান), ৪৬ (রিয়াজ উদ্দিন আহম্মেদ), ৪২/২ (মিয়া হোসেন), ২৮/২ (আবদুস সামাদ), ২৯/২ (আবু তাহের), ২৯/১ (সাইজুদ্দিন মাতবর), মধ্য কুনিপাড়ার ২২/৬/এ/৪ নম্বর (আবদুস ছোবহান ও মো. বিল্লাল), ২২/৬/খ (মাহফুজুর রহমান), ২৩/১/এ (আবদুল মালেক), ২৩/১/সি (কাজী শহীদুল্লাহ), ২৩/১/এ (গোলাম মোস্তফা), ২২/৬/২/এ (আয়ুব আলী), ২২/৬/এ/গ (কামরুল হাছান, মোক্তার হোসেন পাটোয়ারী, শহীদ উল্লাহ ভূঁইয়া), ২২/৬/এ/ঘ (মোয়াজ্জেম হোসেন), ২২/৬/এ/খ (বাচ্চু মিয়া), পূর্ব আশকোনার ৪৫০ নম্বর বাড়ি (মমতাজ বেগম), ৭৬ (তোফায়েল আহমদ), ৭৭ (মো. আলী), ১৮৩ (বিবি আয়শা), কাওলার মধ্যপাড়ার ৫১১ নম্বর বাড়ি (বিল্লাল হোসেন) এবং ৫১২ (তানিয়া রশিদ)।