সিলেটে ফারুক ড্রিম সিটি নামের একটি আবাসন প্রতিষ্ঠানের লোকজন গতকাল বুধবার স্থানীয় পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে হামলা চালিয়েছেন। তাঁরা সেখানে আগুন দেওয়ার চেষ্টা চালান। এ সময় বাধা দিলে তাঁরা একজন কর্মচারীকে মারধর করে পালিয়ে যান। টিলা কাটার অভিযোগে নোটিশ দেওয়ায় ওই প্রতিষ্ঠানের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।অধিদপ্তর সূত্র জানায়, সিলেটের বিমানবন্দর এলাকায় টিলা কাটার অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দপ্তরের একটি নোটিশ গতকাল ওই প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজউদ্দিনের নামে দেওয়া ওই নোটিশ নিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বেলা সাড়ে তিনটায় অধিদপ্তরে যান। তাঁরা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন ও পরিদর্শক আবদুল মালেকের দপ্তরে ঢুকে দুর্ব্যবহার করেন এবং নোটিশ ফেরত নিতে বলেন। কর্মকর্তারা নোটিশ ফেরত নেওয়া হবে না জানালে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। জুনায়েদ আহমদ নামের একজন তাঁর মোটরসাইকেল থেকে পেট্রল নিয়ে এসে অধিদপ্তরের নিচতলার গবেষণাগারে আগুন দেওয়ার চেষ্টা করেন। ওই সময় অফিস সহকারী সাদ্দাম হোসেন বাধা দিলে তাঁকে মারধর করে গবেষণাগারের পরিমাপযন্ত্র, চেয়ার-টেবিল ও বাইরের কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। পুলিশকে খবর দেওয়া হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। অধিদপ্তরের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি ঘটনার সময় গোয়াইনঘাটে ছিলেন। তাঁর ধারণা, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবেই এ হামলা চালিয়েছে। নোটিশ পেয়ে এ রকম হামলা এই প্রথম। বিপজ্জনক রাসায়নিক পদার্থের গবেষণাগারে আগুন লাগলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, হামলাকারীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। রাতে প্রতিষ্ঠানের এমডি মিনহাজউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সিলেটের বাইরে ছিলেন। হামলার বিষয়ে তিনি জানেন না। নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তর আমার কাছে তিন লাখ টাকা দাবি করেছিল। এ টাকা না দেওয়ায় তাঁরা নোটিশ দিয়েছে। এ কারণেই হয়তো ক্ষুব্ধ হয়ে ঘটনাটি ঘটেছে।’ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, প্রায় এক মাস ধরে প্রতিষ্ঠানটি টিলা কাটছিল। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দল এ নিয়ে বারবার তাদের সতর্ক করে। সম্প্রতি টিলা কাটার ছবি তুলে নিয়ে আসার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল।