নোটিশ না দিয়ে কাঠগড়ায় দাঁড় করানো যাবে না
কোনো ব্যক্তিকে আদালত অবমাননার দায়ে কাঠগড়ায় দাঁড় করানোর আগে অবশ্যই কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। ওই নোটিশের জবাবে সন্তুষ্ট না হলে তখন আদালত তাঁকে কাঠগড়ায় ডাকতে পারবেন। আদালত অবমাননা বিলে এমন বিধান রাখার সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদীয় কমিটির বৈঠক শেষে সভাপতি ফজলে রাব্বি মিয়া সাংবাদিকদের সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ সময় বলেন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক সবার জন্যই এ বিধান প্রযোজ্য হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, যিনি অভিযোগ আনেন, তিনিই বিচার করেন। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যাতে আদালত পরিবর্তনের আবেদন করতে পারেন, বিলে সেই বিধানও রাখা হচ্ছে। ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্য নুরুল ইসলাম, শেখ ফজলে নূর ও ফজিলাতুন নেসা বাপ্পি অংশ নেন।