নোটিশ স্থগিতের সুযোগে দুই কারখানার নদী দূষণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর নদীদূষণের দায়ে অভিযুক্ত দুটি ডায়িং কারখানার আবেদনে বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) বসানোর নোটিশ স্থগিত করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। ডি এন টেক্সটাইল মিলস লিমিটেড এবং জনি টেক্সটাইল নামে ওই দুই প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্রও নেই।দূষণের অপরাধে নরসিংদী ও নারায়ণগঞ্জে অবস্থিত কারখানা দুটিকে প্রায় সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। দ্রুত বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) স্থাপনের জন্য অধিদপ্তর তাদেরকে নোটিশ দেয়। কিন্তু কারখানা দুটি পরিবেশ ছাড়পত্র নেওয়া এবং ইটিপি স্থাপন কোনোটিই করেনি; বরং তারা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে অধিদপ্তরের নোটিশের কার্যকারিতা স্থগিতের আবেদন করে। মন্ত্রণালয় ওই আবেদনে সাড়া দিয়ে নোটিশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছে।খোঁজ নিয়ে দেখা গেছে, ব্রহ্মপুত্র তীরে অবস্থিত ডি এন টেক্সটাইল ও শীতলক্ষ্যার তীরের জনি টেক্সটাইল আগের মতোই অপরিশোধিত তরল বর্জ্য ওই দুই নদীতে ফেলছে। ২০১০ সালে সরকার উচ্চ আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে শীতলক্ষ্যা নদীকে প্রতিবেশগতভাবে বিপদাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে। ওই নদীতে কোনো ধরনের বর্জ্য ফেলা, অবকাঠামো নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের শাস্তি ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ-উল-আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, কোনো কারখানাকে জরিমানা করলে তারা মন্ত্রণালয়ের কাছে এর বিরুদ্ধে আপিল করতে পারে। কারখানা দুটির আপিলের ভিত্তিতে শুনানি চলছে। ফলে আপাতত নোটিশের কার্যকারিতা স্থগিত করা আছে।পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি ডি এন টেক্সটাইলকে পরিবেশ অধিদপ্তর থেকে ইটিপি স্থাপন ও জরিমানার টাকা দিতে বলা হয়। ২৯ জানুয়ারির মধ্যে জরিমানার টাকা পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে তার পরদিনই কারখানা কর্তৃপক্ষ নোটিশের কার্যকারিতা স্থগিতের জন্য আবেদন করে। ২৬ জানুয়ারি পরিবেশ ও বন মন্ত্রণালয় ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করেছে।একই অবস্থা জনি টেক্সটাইলের ক্ষেত্রেও। গত ডিসেম্বরে ইটিপিবিহীন অবস্থায় চালু থাকা ওই কারখানাকে পরিবেশ অধিদপ্তর তিন কোটি টাকা জরিমানা করে। কারখানাটির মালিকপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় নোটিশের কার্যকারিতা স্থগিত করে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবু নইম মো. মারুফ খান এ কথা জানিয়ে প্রতিষ্ঠান দুটিকে চিঠি দেন।দেখা গেছে, মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের দুই দিনের মাথায় ডি এন টেক্সটাইল আবারও তাদের অপরিশোধিত বর্জ্য পাশের হাঁড়িধোয়া খালে ফেলতে শুরু করেছে। খাল দিয়ে ওই বর্জ্য পুরাতন ব্রহ্মপুত্র নদীতে গিয়ে পড়ছে। আর জনি টেক্সটাইলের অপরিশোধিত বর্জ্যও যথারীতি সরাসরি শীতলক্ষ্যায় পড়া অব্যাহত রয়েছে।পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত আটটি শিল্পপ্রতিষ্ঠান সরকারি নোটিশ স্থগিত রাখায় দূষণ অব্যাহত রাখার সুযোগ পেয়েছে। অভিযুক্ত সব কারখানা থেকে নির্গত পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ গ্রহণযোগ্য মাত্রা অর্থাৎ লিটারে ৪ দশমিক ৮ পিপিএমের নিচে পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলেন, এ মাত্রায় দূষিত তরল নিয়মিতভাবে কোনো খাল বা নদীতে ফেলা হলে ওই জলাশয়ের পানি উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায়।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালতের রায়ে বলা হয়েছিল, ইউরোপের নদীগুলোকে বলা হয় তাদের সভ্যতার প্রতীক। তেমনি ঢাকার চারপাশের নদীগুলো যাতে আমাদের সভ্যতার সৌন্দর্যের প্রতীক হিসেবে চিহ্নিত হয়, সেই লক্ষ্যে এগুলোকে ইসিএ হিসেবে ঘোষণা করা হয়েছে। নদীগুলোকে ইসিএ হিসেবে রক্ষা করার দায়িত্ব পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। কিন্তু তারাই যদি নদীতে দূষিত শিল্পবর্জ্য ফেলা অব্যাহত রাখার সুযোগ দেয়, তাহলে তা সত্যিই দুঃখজনক।’নরসিংদী জেলার মাধবপুরে অবস্থিত ডি এন টেক্সটাইল এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত জনি টেক্সটাইল দুটিই ডায়িং কারখানা। এ ধরনের কারখানা পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী উচ্চ মাত্রার দূষণকারী অর্থাৎ ‘লাল ক্যাটাগরির’। ডায়িং কারখানার জন্য পরিবেশ ছাড়পত্র নেওয়া ও ইটিপি স্থাপন করা বাধ্যতামূলক। কিন্তু কয়েক বছর আগে প্রতিষ্ঠিত কারখানা দুটি শুরু থেকেই ইটিপি ছাড়াই চালানো হচ্ছে।ডি এন টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ২৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরে এসে লিখিতভাবে দূষণের কথা স্বীকার করে বলেন, পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা চালু করবেন না।মিজানুর রহমান তাঁর লিখিত বক্তব্যে বলেছিলেন, ‘আমার কারখানা থেকে তরল বর্জ্য কোনো রূপ পরিশোধন ছাড়া পার্শ্ববর্তী খালে পড়ে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করছে এবং আমার কারখানায় কোনো ইটিপি নেই। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানাটি আমি চালু করব না।’এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিন কোটি টাকা লাগছে একটি ইটিপি বসাতে। এত টাকা খরচ করে ইটিপি চালু রাখার চেয়ে কারখানা বন্ধ রাখা ভালো। তার পরও অনেক কষ্ট করে ইটিপি বসাচ্ছি। খুব দ্রুতই তা চালু করা যাবে।’