নোবেল পুরস্কারের মনোনয়ন তালিকায় মালালা
চলতি বছরে বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ২০৯ জন ব্যক্তির মধ্যে পাকিস্তানের নারীশিক্ষা বিস্তার আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের নাম অন্তর্ভুক্ত হয়েছে। নোবেল পুরস্কারের জন্য ৫০টি সংগঠনও মনোনীত হয়েছে। আসছে অক্টোবরে এ পুরস্কার ঘোষণা করা হবে বলে আজ সোমবার জানিয়েছে নোবেল ইনস্টিটিউট।এনডিটিভির খবরে বলা হয়, তালেবানদের গুলিতে মাথায় আঘাত পাওয়া ১৫ বছর বয়সী মালালা ইউসুফজাই ছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ তালিকায় রয়েছেন।নোবেল ইনস্টিটিউটের প্রধান গিয়ার লন্ডস্টাড বলেন, প্রায় প্রতিবছর নোবেলের জন্য প্রাথমিকভাবে মনোনীতদের সংখ্যা বাড়ছে। এতে বোঝা যাচ্ছে, পুরস্কারের চাহিদা বাড়ছে। পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তিদের নাম আসছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। নোবেল ইনস্টিটিউট জানায়, গত বছর ২৪১ জন নোবেলের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তবে মনোনীত ব্যক্তিদের নামের তালিকা ৫০ বছর গোপন রাখা হয়। সাবেক নোবেলজয়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যসহ হাজার হাজার মানুষ প্রার্থী মনোনয়নে অংশ নিতে পারেন। মনোনয়ন পাওয়া ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ফাঁস করারও অধিকার রয়েছে তাঁদের। এর জের ধরেই জানা যাচ্ছে, বিল ক্লিনটন ও মালালার নাম আছে মনোনয়ন তালিকায়। এ বছর মনোনয়ন পাওয়ার তালিকায় রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও মিয়ানমারের সংস্কারপন্থী প্রেসিডেন্ট থেইন সেইনের নামও শোনা গেছে।