নোবেল বিজয়ী গর্ডিমারকে অমর করে রাখবে স্বর্ণমুদ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যে নোবেল বিজয়ী এবং বর্ণবাদবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী নাদিন গর্ডিমারকে অমর করে রাখতে তাঁর মুখাকৃতির স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে। এর আগে নেলসন মেন্ডেলা ও মহাত্মা গান্ধীকে এ সম্মানে ভূষিত করা হয়।দক্ষিণ আফ্রিকার এ লেখিকার বয়স এখন ৮৭। গতকাল বৃহস্পতিবার তাঁর মুখাকৃতির বিশেষ এই স্বর্ণমুদ্রা তৈরি করা হয়।অনুভূতি প্রকাশ করতে গিয়ে গর্ডিমার বলেন, ‘আমি অভিভূত। আমার জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে এই সম্মান।’ তিনি নয় বছর বয়স থেকে দক্ষিণ আফ্রিকার সমাজব্যবস্থার ওপর লেখালেখি করেছেন।গর্ডিমার বর্ণবাদ প্রথার একজন স্পষ্ট প্রতিবাদী। ১৯৯১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। নোবেল কমিটি সে সময় তাঁর উদ্দেশে বলেন, তাঁর এই চমকপ্রদ সাহিত্যকর্ম মানবতার পক্ষে মঙ্গল বয়ে আনবে।বর্ণবাদবিরোধী আন্দোলন চলাকালে দক্ষিণ আফ্রিকায় গর্ডিমারের অনেক বই নিষিদ্ধ করা হলেও সারা বিশ্বে তা ব্যাপক জনপ্রিয়তা পায়। কারণ, এ বইগুলো বর্ণবাদ প্রথার নানা রকম অন্যায়-অবিচারের সাক্ষ্য বহন করেছে। গর্ডিমার তাঁর উপন্যাস সম্পর্কে বলেন, ‘আমার সাহিত্যের চেয়ে সত্য আর কিছু নেই।’ গর্ডিমার মোট ১৩টি উপন্যাস লিখেছেন। এগুলো ৪০টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এ ছাড়া তিনি গত অর্ধশতক ধরে ২০০টি ছোটগল্প ও অনেক প্রবন্ধ রচনা করেন।—রয়টার্স