‘এ বেটার ওয়ার্ল্ড ইজ পসিবল’ স্লোগান সামনে রেখে ২০০৪-এর ১৬ জানুয়ারি ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম ভারতের মুম্বাই শহরের অদূরে গোরোগাওতে আয়োজন করে সপ্তাহব্যাপী ঝকমারি বর্ণাঢ্য অনুষ্ঠান। যৌনকর্মী থেকে শুরু করে বিশ্বখ্যাত অনেক তারকা সমবেত হয়েছিলেন এই অনুষ্ঠানে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন বুকার পাওয়া ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। সাত দিনের অনুষ্ঠানে লাখো পেশাজীবীর মিলনমেলায় প্রায় ৫০০টি ছোট-বড় অনুষ্ঠান হয়। বিভিন্ন দেশ থেকে আসা সদস্যদের, যে যার অনুষ্ঠান আয়োজন এবং উপস্থিতি নিয়ে ছোটাছুটি করতে হয়। বিভিন্ন ভাষার বইয়ের একটি প্রদর্শনীও ছিল। বহু দেশে সংবাদমাধ্যমের সংবাদকর্মীদের জন্য প্রবেশপথের সঙ্গে সংবাদ পাঠানোর আধুনিক সব সুবিধাসহ প্রস্তুত ছিল একটি মিডিয়া সেন্টার। মুম্বাই শহরের কয়েকজন চিত্রতারকাও অংশ নিয়েছিলেন। সুনীল দত্তকে দেখলাম টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন। পরিচালক মহেশ ভাটের সঙ্গে কয়েকজন তরুণ ছবি তুলছেন। অরুন্ধতী রায়কে খুঁজছেন মিডিয়ার কেউ কেউ। প্রচণ্ড ভিড়ের মধ্যে কে কোথায় থাকতে পারেন, বুঝে উঠতে কষ্টকর হয় এমন এক সমাবেশ। দ্বিতীয় দিন সকালে কাগজে দেখলাম, দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত একজন বিচারক হোটেলকক্ষে এক নারীকে ধর্ষণ করতে চাইলে মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। অনুষ্ঠানে যোগ দিতে আসা সেই দেশের নেত্রী উইনি ম্যান্ডেলা তাঁকে মুক্ত করতে আদালতে গেছেন। কাজেই উইনিকে পাওয়া গেল না অনুষ্ঠানে। মিডিয়া সেন্টারটি প্রবেশদ্বারের সঙ্গে থাকায় কোনো বিশিষ্ট ব্যক্তি ঢুকলেই তাঁদের ক্যামেরা এড়িয়ে যাওয়াটা দুঃসাধ্য।বইমেলায় সালমান রুশদির মতো একজনকে দেখলাম। কিন্তু তিনি এখানে ঘুরতে আসবেন কেন? কোনো অনুষ্ঠানে তাঁর নাম নেই। উন্মুক্ত জায়গায় বিভিন্ন ভাষায় গান হচ্ছে, নাচ চলছে। মিছিল হচ্ছে, অগ্রভাগে মেধা পাটকার। প্যান্ট-শার্ট পরা একজন নারীকে দেখলাম ভিড়ের মধ্যে, শিরিন এবাদির ছবির সঙ্গে মিলে যায় তাঁর মুখ। সন্দেহ হলো। ক্যামেরা হাতে আমি তাঁকে অনুসরণ করি। সঙ্গে দুজন ভদ্রলোক। ইরানি ভাষায় কথা বলছেন। মিলে যাচ্ছে। পৃথিবীর প্রথম নোবেল শান্তি পুরস্কার পাওয়া শিরিন এবাদির চেহারাটা আমার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি ঠিকই তাঁর খুব কাছে এসে গেলাম।হ্যাঁ, তিনিই নোবেল শান্তি পুরস্কার পাওয়া ইরানের শিরিন এবাদি, যাঁর ছবি সামনাসামনি তুলব বলে এই মুম্বাই শহরে আসা। ‘ইওর নেম উইল শাইন ইন দ্য হিস্ট্রি অব দ্য পিস প্রাইস।’ ২০০৩-এর নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে নোবেল কমিটির চেয়ারম্যান তাঁর বক্তব্যে উদ্ধৃতিটি যাঁকে করেছিলেন, তিনিই এই শিরিন এবাদি। ইরানের এক সাহসী নারী যোদ্ধা, যিনি নারী ও শিশুর প্রতি ইসলামি রিপাবলিকের বৈষম্যের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছেন। প্রথম ইরানি এবং বিশ্বের প্রথম মুসলিম নারী, যিনি নোবেল শান্তি পুরস্কার অর্জনের গৌরব করতে পারেন। ১৯৪৭-এর ২১ জুন উত্তর-পশ্চিম ইরানের হামাদান শহরে তাঁর জন্ম। শিয়া ধর্মমতের এই বিক্ষুব্ধ নারীনেত্রী ১৯৬৯-এ তাঁর দেশের প্রথম নির্বাচিত নারী বিচারপতি। ১৯৭৯-এ আয়াতুল্লাহ খোমেনির ইসলামি বিপ্লবের পর জোর করে বিচারপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে এবং কয়েক বছরের জন্য ছিনিয়ে নেওয়া হয় তাঁর লাইসেন্স। নিজ দেশে অন্যায়ের প্রতিবাদ করার তাগিদে ২০০১-এ প্রতিষ্ঠা করেন হিউম্যান রাইটস ডিফেন্স সেন্টার। পুরুষশাসিত ইরানের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এখনো তিনি সোচ্চার। শিরিন এবাদিকে ঘিরে তেমন নিরাপত্তা না থাকায় কোনো রকম বাধা ছাড়াই নোবেলজয়ী শিরিন এবাদির কাছে পৌঁছাতে তেমন বেগ পেতে হলো না। পেছন থেকে খুব কাছে গিয়ে ক্লিক করলাম। ভদ্রমহিলা ঘুরে তাকালেন। মুখে প্রশান্তির ছাপ। কিছু বললেন না। সঙ্গে থাকা যুবক বয়সী ভদ্রলোক জানতে চাইলেন আমি কোন দেশের সাংবাদিক। আমার দেশের নামটি বলার পর আর কিছু বললেন না। তাঁরা হেঁটে যাচ্ছিলেন একটি অনুষ্ঠান প্যান্ডেলের দিকে। আমি সামনে গিয়ে তাঁর ভিজিটিং কার্ড চাইলাম। নীলরঙা প্যান্টের পকেটে হাতড়ালেন, পাওয়া গেল না। পাশে বয়স্ক ভদ্রলোক, যিনি তাঁর সচিব, তাঁকে বললেন একটি কার্ড যেন আমাকে দেওয়া হয়। তিনি কার্ড দিলেন। তেহরান শহরের ঠিকানা, কোনো মুঠোফোন বা ই-মেইল নেই।দ্রুত অনুষ্ঠানের মঞ্চে গিয়ে বসলেন তিনি। অনুষ্ঠানের ছবি নয়, তাঁর জুতসই কোনো মুহূর্ত ধরার জন্য নানা অ্যাঙ্গেলে ক্যামেরাকে যেতে দিই। আরও যাঁরা ছিলেন সেদিনের প্যানেল আলোচনায়, সবাই তাঁদের একটি কথা বললেন, ‘তৃতীয় বিশ্ব’—এই অপবাদ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটা গণ্ডির মধ্যে বন্দী করে সাম্রাজ্যবাদী দুনিয়া কি তাহলে প্রথম বিশ্ব? আর দ্বিতীয় বিশ্ব কারা! একজন আলোচক কথাগুলো বলে শেষ করলেন। নাম জানা হলো না তাঁর। শিরিন এবাদির নাম ঘোষণা করা হলো স্বাভাবিকভাবেই। প্রতিবাদী এবাদি মাইকের সামনে এলে আমি চেয়ার ছেড়ে আরও ভালো অ্যাঙ্গেল খুঁজে পাই মঞ্চের সামনে। আমার আশপাশে মাত্র দুজন ছাড়া আর কোনো চিত্র সাংবাদিক না দেখে বিস্মিত হলাম। তিনি বললেন, কিসের তৃতীয় বিশ্ব... এর পরে কী?আমাকে দ্রুত অনুষ্ঠানটি ত্যাগ করে আরেক প্যান্ডেলে দৌড়াতে হলো। আমার পরিচিত একজন বাংলাদেশের এনজিও কর্মী জানালেন উইনি ম্যান্ডেলা আসছেন। নির্দিষ্ট জায়গায় গিয়ে শুনি তিনি আগের দিন জোহানেসবার্গে ফিরে গেছেন। নোবেল পাওয়া অর্থনীতিবিদ যোসেফ স্টিগলিৎজ হন্তদন্ত হয়ে আমাদের সামনে দিয়ে আরেক দিকে ছুটছেন। মিসরীয় আরেক অর্থনীতিবিদ সামির আমিন পশ্চিমা গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন দেখে কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছি। যে-ই শেষ করে উঠে যাচ্ছিলেন, তাঁকে পাকড়াও করলাম। বললাম, আপনার ছবি তুলব, আর কয়েকটি প্রশ্ন করব। বললেন ৩০ মিনিটে হবে? আমি মাথা নাড়াই। তারপর বসে পড়ি, কাছে কেউ না থাকায় সামির আমিনকে একা পেয়ে যাই। আমাদের কথা বলার ঠিক ৩০ মিনিট পর আমিনের স্ত্রী এসে তাঁকে নিয়ে গেলেন। ফিরে আসার সময় মিডিয়া সেন্টারে ঢুকে সাংবাদিকদের আফসোস জানতে পেরে আমিও বিস্মিত না হয়ে পারলাম না। বইমেলায় সালমান রুশদি বলে যাঁকে মনে হয়েছিল, তিনি আসলেই তখনকার সময়ে সবচেয়ে আলোচিত লেখক। ব্যক্তিগত কাজে মুম্বাই এসে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামে ঢুঁ মেরেছিলেন। আমি আবার শিরিন এবাদির অনুষ্ঠানস্থলে গিয়ে হাজির। তখনো আলোচনা চলছে। মাইকে নেই এবাদি, আছেন মঞ্চে। অনুষ্ঠান শেষে একজন ছোট মামুলি টেপ রেকর্ডার হাতে কোনো এক রেডিও সাংবাদিক সাক্ষাৎকার নিতে চাইলে সহসাই কথা বলতে দর্শকদের খালি চেয়ারে বসে গেলেন নোবেলজয়ী ইরানি ভদ্রমহিলা। বেশ কাছে গিয়ে এমন কিছু মুহূর্ত ক্যামেরায় পেয়ে যাই, যা আমার কাছে মূল্যবান। প্রশ্ন-উত্তরপর্বে তাঁর গোলাপি মুখের চরিত্রটা যে অদল-বদল হয়ে যাচ্ছে, আমাকে উৎসাহী করল ক্যামেরায় ধারণ করতে। আমি শাটারে ক্লিক করি। এভাবে অনেকক্ষণ মুখের সামনে থাকে আমার ক্যামেরাটি, বন্দী করে এবাদিকে।