চট্টগ্রামের ১২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
নোবেলজয়ী ড. ইউনূস সম্পর্কে মন্তব্য প্রকাশে সতর্ক হওয়ার আহ্বান
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সমালোচনা এবং তাঁর সম্পর্কে মন্তব্য প্রকাশে সত্যাশ্রয়ী ও সতর্ক হওয়ার জন্য এবার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের ১২ জন বিশিষ্ট নাগরিক। গত শনিবার এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, একজন কৃতী সন্তান সম্পর্কে এ ধরনের মন্তব্য ও সমালোচনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।বিবৃতিদাতারা বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সম্প্রতি বিভিন্ন মহল থেকে বাংলাদেশের নোবেলজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ইউনূস সম্পর্কে এমন সব মন্তব্য ও খবর প্রকাশ করা হচ্ছে, যার লক্ষ্য সত্য প্রকাশ নয়, ব্যক্তির ভাবমূর্তি নষ্ট করা বলেই মনে হয়। এতে একজন কৃতী সন্তান সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।’বিবৃতিদাতারা হলেন বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মইনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাহফুজুল হক চৌধুরী, চট্টগ্রাম বন্দরের সাবেক মুখ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, লেখিকা ফাহমিদা আমিন ও বেগম মুশতারি শফি, ইউ ল্যাব বিশ্ববিদ্যালয়ের মোহিতুল আলম, লেখক ও সাংবাদিক আবুল মোমেন, প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী ও ফারুক-ই-আজম বীরপ্রতীক।বিবৃতিতে বলা হয়, ড. ইউনূস তাঁর দীর্ঘ কর্মজীবনে দরিদ্র মানুষের কল্যাণে যে কাজ করেছেন, তা বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত ও আলোচিত হয়েছে। তাঁর ভাবনা ও কাজ নিয়ে বিতর্ক ও ভিন্নমত থাকতে পারে। তাতে তাঁর ব্যক্তিগত সততা ও কাজের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয় না বলেই আমরা মনে করি।বিবৃতিদাতারা বলেন, ‘আমাদের জানা মতে, ডেনমার্কের একজন নির্মাতার তথ্যচিত্রের ভিত্তিতে গ্রামীণ ব্যাংকের একটি বিষয় নিয়ে সংবাদপত্রে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছিল। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নরওয়ে সরকারের বক্তব্যের পর এ নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপিত হওয়ার অবকাশ থাকে না বলেই আমরা মনে করি।’এতে বলা হয়, ড. ইউনূস তাঁর কর্মময় জীবনে কেবল ব্যক্তিগত স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেননি, দেশের জন্যও বয়ে এনেছেন সম্মান। ফলে তাঁকে ও তাঁর কাজ নিয়ে ভাসা ভাসা ধারণা থেকে বা যাচাই-বাছাই ছাড়া একতরফা মন্তব্য ও সমালোচনা মূলত দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।