নোবেলজয়ী স্নায়ু বিশেষজ্ঞের জীবনাবসান
চিকিৎসায় নোবেল পুরস্কারজয়ী ইতালির স্নায়ু বিশেষজ্ঞ রিতা লেভি মনতালচিনি গতকাল রোববার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তাঁর ঘনিষ্ঠ আত্মীয় পিয়েরে লেভি মনতালচিনির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গতকাল দুপুরে খাওয়ার পর ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়।দেহকোষ নিয়ে তাঁর গবেষণা চিকিৎসাশাস্ত্রে ক্যানসার কোষের গতিবিধি বুঝতে বিশেষ অবদান রাখে। এ অবদানের জন্য ১৯৮৬ সালে চিকিত্সাশাস্ত্রে মার্কিন প্রাণরসায়নবিদ স্ট্যানলি কোহেনের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান রিতা লেভি মনতালচিনি।১৯০৯ সালে ইতালির তুরিন শহরে এক অবস্থাপন্ন ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন রিতা লেভি মনতালচিনি। ওই শহরেই চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেন তিনি। ইহুদি হওয়ার কারণে ইতালির তৎকালীন ফ্যাসিবাদী সরকারের চরম বৈষম্যের শিকার হতে হয় তাঁকে। পরবর্তী সময়ে এই প্রতিভাময়ী নিজগুণে খ্যাতির শিখরে পৌঁছান।২০০১ সালে রিতা লেভি মনতালচিনিকে ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষে আজীবন সিনেটর মনোনীত করা হয়। এ ছাড়া তিনি রোমভিত্তিক জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা এফএওর রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। এ সময় তিনি আফ্রিকায় সেবামূলক কাজের লক্ষ্যে লেভি-মনতালচিনি ফাউন্ডেশন গড়ে তোলেন। মানবসেবায় ব্রতী রিতা বিয়ে করেননি।