নোবেলের ১৪ লাখ ডলারই দান করে দিলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর নোবেল পুরস্কারের সব অর্থ ১০টি দাতব্য প্রতিষ্ঠানের তহবিলে দান করে দিয়েছেন। এ অর্থের পরিমাণ ১৪ লাখ ডলার। নোবেল পুরস্কার গ্রহণের তিন মাস পর গত বৃহস্পতিবার ওবামা এ কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে এবং বিদেশে বিশেষ সেবামূলক কাজ করছে। আমি তাদের এই কাজে সহায়তা করতে পেরে গর্বিত।’ খবর এপি, ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স।হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ১০টি প্রতিষ্ঠানের মধ্যে এ অর্থ ভাগ-বাটোয়ারা করে দেওয়া হয়েছে। এই সবগুলো প্রতিষ্ঠানই যুদ্ধাহত সেনাসদস্য ও হাইতির ভূমিকম্প থেকে বেঁচে যাওয়াদের পুনর্বাসন থেকে শুরু করে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনার সহযোগিতায় কাজ করে আসছে।বিবৃতিতে ওই ১০টি প্রতিষ্ঠানের নাম ও কোন প্রতিষ্ঠান কত ডলার পাচ্ছে, তা উল্লেখ করা হয়েছে। ওই ১০টি প্রতিষ্ঠানের মধ্যে হাইতির ভূমিকম্প দুর্গতদের সহায়তায় প্রতিষ্ঠিত সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ বুশের ত্রাণ সংস্থা ‘ক্লিনটন-বুশ হাইতি তহবিল’ও রয়েছে।ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধাহতদের পুনর্বাসনকাজে নিয়োজিত প্রতিষ্ঠান ফিশার হাউস পাবে আড়াই লাখ ডলার। ক্লিনটন-বুশ হাইতি ফান্ডে জমা হবে দুই লাখ ডলার।কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে কাজ করে, এমন একটি সংস্থা হচ্ছে কলেজ সামিট। তাদের দেওয়া হবে সোয়া লাখ ডলার। এ ছাড়া উচ্চবিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তিদানকারী প্রতিষ্ঠান পোসে ফাউন্ডেশন, নিগ্রো শিক্ষার্থীদের বৃত্তিদানকারী প্রতিষ্ঠান ইউনাইটেড নিগ্রো কলেজ ফান্ড, সংখ্যালঘু হিস্প্যানিক শিক্ষার্থীদের পুনর্বাসনকারী প্রতিষ্ঠান স্প্যািনিক স্কলারশিপ ফান্ড, অ্যাপালাচিয়ানদের শিক্ষার উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত অ্যাপালাচিয়ান লিডারশিপ অ্যান্ড এডুকেশন ফান্ড ও ভারতীয় শিক্ষার্থীদের উন্নয়ন সংস্থা আমেরিকান ইন্ডিয়ান কলেজ ফান্ডে সোয়া লাখ ডলার করে দেওয়া হবে।অন্যদিকে আফ্রিকায় খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহসহ সেখানকার মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় পরিচালিত সংস্থা আফ্রিকেয়ারকে এক লাখ ও মধ্য এশিয়ায় শিক্ষা বিস্তারে নিয়োজিত সংস্থা সেন্ট্রাল এশিয়া ইনস্টিটিউটকে দেওয়া হচ্ছে এক লাখ ডলার।গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর পরই তাঁর পুরস্কারের সব অর্থ দাতব্য সংস্থাগুলোকে দান করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।