নোমান অনুসারীদের বাদ দিলে পাল্টা কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয় গত ফেব্রুয়ারিতে। কেন্দ্র থেকে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় সভাপতি ও সাধারণ সম্পাদককে। কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি। নগর বিএনপিতে কোন্দলের কারণে এই কমিটি করা যাচ্ছে না। এতে দলীয় কর্মকাণ্ডে নেমে এসেছে স্থবিরতা।তবে নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। শিগগিরই কমিটি ঘোষণা করা হবে। নোমান অনুসারীরা অভিযোগ করেছেন, তাঁদের বাদ দিয়ে কমিটি গঠনের চেষ্টা চলছে। এ রকম হলে পাল্টা কমিটি ঘোষণা করবেন তাঁরা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আবদুল্লাহ আল নোমান কোনো মন্তব্য করতে রাজি হননি।তবে নোমানের অনুসারী হিসেবে পরিচিত নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর প্রথম আলোকে বলেন, ‘তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাদের বাদ দিয়ে নগর বিএনপির কমিটি গঠনের চেষ্টা চলছে। আমীর খসরু এ রকম কমিটি ঘোষণা করলে আমরা পাল্টা কমিটির ঘোষণা দেব।’তবে কোন্দলের বিষয়টি উড়িয়ে দিয়ে আমীর খসরু বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আমাদের অনেক সময় ব্যয় হয়েছে। তাই পূর্ণাঙ্গ কমিটি করতে দেরি হচ্ছে। আমরা ইতিমধ্যে কমিটি গঠনের ব্যাপারে কাজ শুরু করেছি। চট্টগ্রাম সিটি নির্বাচনে যাঁরা অবদান রেখেছেন এবং সবার কাছে গ্রহণযোগ্যতা আছে—এমন ব্যক্তিরা কমিটিতে জায়গা পাবেন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে আমরা কিছু করব না।’দলীয় সূত্র জানায়, নোমান ও আমীর খসরুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে গত বছরের ১৬ নভেম্বর নগর বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে আমীর খসরুকে সভাপতি ও শাহাদাৎ হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নগর কমিটির অন্য তিন সহসভাপতি হলেন শামসুল আলম, দস্তগীর চৌধুরী ও আবু সুফিয়ান। দলীয় সূত্র জানায়, আবদুল্লাহ আল নোমান, সালাউদ্দিন কাদের চৌধুরী, এম মোরশেদ খান ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের অনুসারীরা চট্টগ্রাম মহানগরের রাজনীতিতে সক্রিয়। তাঁদের মধ্যে শক্ত অবস্থানে আছেন আমীর খসরু ও নোমানের অনুসারীরা। এই দুই নেতার অনুসারীরা অনেক দিন ধরে এক মঞ্চে আসেন না। কেন্দ্রের ঘোষিত দলীয় কর্মসূচিও তাঁরা আলাদাভাবে পালন করছেন। এমনকি ১৭ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে তাঁরা আলাদা প্রচারণা চালান। অবশ্য আমীর খসরুর জোরালো ভূমিকার কারণে মোহাম্মদ মন্জুর আলম মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে জিতে আসেন। এ কারণে কেন্দ্রে খসরুর ভাবমূর্তিও অনেকটা উজ্জ্বল হয়ে ওঠে। আমীর খসরুর অনুসারী হিসেবে পরিচিত নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা বলেন, ‘খসরুর বিচক্ষণতার কারণে ১৭ বছর পর চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে আমাদের প্রার্থী জিতেছেন। দলীয় স্বার্থ বিবেচনা করে তিনি নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হবেন।’দলীয় সূত্র জানায়, সমঝোতার মাধ্যমে চট্টগ্রাম নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে দুই কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার ও নোয়াখালী থেকে নির্বাচিত সাংসদ মাহবুবউদ্দিন।গোলাম আকবর বলেন, গত ২৪ জুলাই দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৩০ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠনের একটি সিদ্ধান্ত হয়। বৈঠকে ছয়টি বিভাগের সাংগঠনিক সম্পাদক ও ছয়জন যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন। সেই আলোকে চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিও ৩০ আগস্টের মধ্যে হওয়া উচিত।গোলাম আকবর বলেন, ‘আমি শুনেছি, আমীর খসরু একটি তালিকা তৈরি করছেন আবার নোমানের অনুসারীরাও কমিটিতে স্থান করে নেওয়ার চেষ্টা করছেন। আমরা চাইব, অতীতে আন্দোলন-সংগ্রামে যাঁদের ভূমিকা ছিল এবং সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত পাওয়া গেছে, তাঁদের নিয়ে যেন পূর্ণাঙ্গ কমিটি হয়। সব পক্ষের নেতাদের সমন্বয়ে কমিটি হলে দলের স্থবিরতা কেটে যাবে।’নগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নাজিমুর রহমান বলেন, ‘অযোগ্য এবং রাজনীতিতে নবীন ব্যক্তিদের কমিটিতে জায়গা দেওয়ার চেষ্টা চলছে। এ রকম কিছু হলে চট্টগ্রাম নগর বিএনপির সাংগঠনিক অবস্থা নড়বড়ে হবে বলে আমরা আশঙ্কা করছি।’ তবে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, চট্টগ্রামে বিএনপির শীর্ষস্থানীয় সব নেতার অনুরোধ রক্ষা করে পূর্ণাঙ্গ কমিটি হওয়া উচিত, যাতে ত্যাগী নেতারা বাদ না পড়েন।