নোমানের অনুসারী চার নেতার সঙ্গে খসরুর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গত শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারী বলে পরিচিত চার নেতার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি আসন্ন নির্বাচনে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলমের পক্ষে কাজ করার জন্য তাঁদের অনুরোধ জানিয়েছেন। বৈঠক সূত্রে এ খবর জানা গেছে।দলীয় সূত্র জানায়, নগরের মেহেদীবাগে আমীর খসরুর বাসভবনে শুক্রবার রাত সাড়ে নয়টা থেকে ১০টা পর্যন্ত ওই বৈঠক হয়। বৈঠকে নোমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক এম নাজিমউদ্দিন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, মহানগর যুবদলের সভাপতি আবুল হাশেম ও নগর ছাত্রদলের সাবেক সদস্যসচিব ইয়াসিন চৌধুরী উপস্থিত ছিলেন।বৈঠক সূত্র জানায়, বৈঠকে আমীর খসরু আগামী ১৭ জুন অনুষ্ঠেয় সিটি নির্বাচনে মঞ্জুর আলমের পক্ষে কাজ করতে ওই চারজনকে অনুরোধ জানান। তিনি বলেন, চেয়ারপারসন মঞ্জুরকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। তাঁরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেভাবে যেন প্রার্থীর পক্ষে কাজ করেন। সবাই মাঠে নেমে কাজ করলে মঞ্জুরের বিজয় সহজ হবে। ওই চার নেতা নগরের ১১টি থানা ও ৩৩টি ওয়ার্ডে বিএনপির পাল্টাপাল্টি কমিটির নেতাদের কাজ কীভাবে সমম্বয় করা যায়, সে ব্যাপারে খসরুর মতামত চান। জবাবে তিনি জানান, এ ব্যাপারে দু-এক দিন পর তাঁদের জানানো হবে।প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুই পক্ষের সংঘর্ষের কারণে চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মেলন পণ্ড হয়। এ ঘটনায় নোমান ও খসরুর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ওই সংঘর্ষের আগে ও পরে নগরের ১১টি থানা ও ৩৩টি ওয়ার্ডে এই দুই নেতার অনুসারীরা পাল্টাপাল্টি কমিটি করেন।আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মঞ্জুর আলমকে চেয়ারপারসন সমর্থন দিয়েছেন। তাঁর পক্ষে কাজ করতে আমি নগরের কয়েকজন নেতার সঙ্গে শুক্রবার রাতে বৈঠক করেছি। তাঁরা প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন।’ তিনি বলেন, ‘অতীতে দলের মধ্যে বিভক্তির কারণে সব পক্ষকে এক জায়গায় আনা সম্ভব হয়নি। এবার নগরের সব পক্ষ এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। এতে আমরা খুব আশাবাদী হয়ে উঠেছি।’খসরুর বাসভবনে বৈঠক করার বিষয়টি নিশ্চিত করে নাজিমউদ্দিন বলেন, ‘খসরু সাহেবের অনুরোধে আমরা তাঁর বাসায় গিয়েছি। তাঁকে নগরের ১১টি থানা ও ৩৩টি ওয়ার্ডে দলের পাল্টাপাল্টি কমিটির নেতাদের করণীয় নির্ধারণ করতে বলেছি। তিনি নির্বাচনের পরে বিষয়গুলো দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এই মুহূর্তে প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেছেন। আসলে আমরা তো দলীয় প্রার্থীর বিরুদ্ধে নই। দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন হলেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত আছি।’