নোয়াখালীতে এএসপির গাড়িতে আগুন, আটক ২০ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের গাড়ি পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল রোববার দিবাগত রাতে সোনাইমুড়ীর অম্বনগর গ্রাম থেকে হত্যা মামলার এক সন্দেহভাজন আসামিকে আটক করতে গেলে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত ওই সন্দেহভাজন আসামি ইকবাল ও তাঁর স্ত্রীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।প্রথম আলো ডটকমকে দেওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমানের ভাষ্য, গতকাল রাত দেড়টার দিকে তিনি সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইকবালকে আটক করতে অম্বনগর গ্রামে যান। পুলিশ ইকবালের বাড়িতে গিয়ে পরিচয় দিয়ে বাড়ির ফটক খুলতে অনুরোধ করে। কিন্তু বাড়ির লোকজন ফটক না খুলে ডাকাত এসেছে বলে হাঁকডাক করতে থাকেন। এ সময় আশপাশের মসজিদ থেকে ইকবালের বাড়িতে ডাকাত এসেছে বলে মাইকিং করা হয়। মুহূর্তের মধ্যে কয়েক হাজার লোক চারদিক থেকে তাঁদের ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুব রশীদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন।এসপি মাহবুব রশীদ মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, এএসপি (সার্কেল) পুলিশি পোশাক পরা সদস্যদের নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন। গাড়িতেও পুলিশ লেখা ছিল। এর পরও মাইকে ডাকাত ঘোষণা দেওয়ায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়েছিলেন। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি বিশেষ কোনো গোষ্ঠীর কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।