নোয়াখালীতে টায়ারে আগুন, পিকেটারসহ আটক ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, টায়ারে অগ্নিসংযোগের মধ্য দিয়ে ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল চলছে। আজ বুধবার সকালে শহরের ফকিরপুর এলাকা থেকে দুই পিকেটারকে আটক করে পুলিশ। এ ছাড়া, গতকাল মঙ্গলবার রাতে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৭ জন কর্মী-সমর্থককে আটক করে পুলিশ।আজ ভোরে হরতালের সমর্থনে শহরের নতুন বাসস্ট্যান্ড, পৌরবাজার, পৌর কল্যাণ স্কুল ও গ্যারেজ এলাকায় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে হরতালকারীরা। সকাল সাড়ে সাতটায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শহরে রিকশা ছাড়া কোনো ভারী যানবাহন চলছে না। বেশির ভাগ দোকানপাট বন্ধ। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া, বিজিবির সদস্যরা বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন।নোয়াখালীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ প্রথম আলো ডটকমকে জানান, হরতাল শান্তিপূর্ণ ও ঢিলেঢালাভাবে চলছে। হরতাল চলাকালে আজ সকালে দুই পিকেটারকে এবং আগের রাতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৭ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের বেশির ভাগই বিভিন্ন মামলার আসামি।জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ দাবি করেন, কোনো কারণ ছাড়াই আজ সকালে তাদের দুই পিকেটারকে আটক করেছে পুলিশ। এ ছাড়া, হয়রানির উদ্দেশ্যে গতকাল রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ১৮ দলের নিরীহ কর্মী-সমর্থকদের আটক করা হয়েছে।