নোয়াখালীতে দুটি এলাকায় টায়ারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে আজ দুটি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু করেছে পিকেটাররা। আজ সোমবার সকালে শহরের মাইজদী বাজার ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। সকাল সাতটা থেকে শহরে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। সকাল নয়টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজারের সামনে সমাবেশ করে।ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির তত্পরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে ১৫ জনকে আটক করা হয়েছে।