নোয়াখালীতে পিকেটিং, টায়ারে আগুন
নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, টায়ারে আগুন, ককটেলের বিস্ফোরণের মধ্য দিয়ে ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের ফকিরপুর, পৌরবাজার, দত্তেরহাট ও মাইজদী বাজার এলাকার বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। সকাল ছয়টার দিকে শহরের পৌরবাজার এলাকায় শিবিরের একদল কর্মী মিছিল বের করেন। পুলিশ দেখে তাঁরা পালিয়ে যান। সকাল সোয়া ছয়টা ও সাড়ে নয়টার দিকে হরতালের সমর্থনে বিএনপির কর্মীরা নতুন বাসস্ট্যান্ড ও পৌরবাজার এলাকায় মিছিল করেন। সকাল ১০টার দিকে মাইজদী বাজার এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি।নাশকতার আশঙ্কায় হরতালের আগের রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রথম আলো ডটকমকে জানান, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।