নোয়াখালীতে পিকেটিং, ভাঙচুর ও আগুন
নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল চলছে। নাশকতার আশঙ্কায় গতকাল সোমবার রাতে বিএনপি-জামায়াতের ১৫ জনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই হরতালের সমর্থনে বিক্ষিপ্তভাবে পিকেটিং করেন জোটের কর্মী-সমর্থকেরা। তাঁরা জেলা শহরের ফকিরপুর, রশিদ কলোনি এলাকায় রাস্তায় টায়ার ও গাছের ডালপালায় আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করেন।সকাল নয়টার দিকে শহর বিএনপির সভাপতি আবু নাছেরের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মোহাম্মদিয়া মোড়ে সংক্ষিপ্ত এক পথসভা হয়।সকাল ১০টার দিকে কবিরহাটের ভূঁইয়ারহাট এলাকায় একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। সাড়ে ১০টার দিকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে হরতালবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এরপর আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তাঁরা।ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ ও ঢিলেঢালা হরতাল চলছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে।