নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যা
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলামকে (৩৮) ধারাল অস্ত্রের কোপে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সহিদুল পূর্ব এওজবালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে সহিদুল ইসলাম পার্শ্ববর্তী মান্নাননগর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর পথে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়।এ সময় তাঁর চিত্কারে বাড়ির এবং আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক সহিদুলকে মৃত ঘোষণা করেন।সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ইউপি সদস্য সহিদুল ইসলাম তাঁদের দলের ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, এ ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের হাত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।নিহত সহিদুলের চাচাতো ভাই জাকির হোসেন বলেন, কে বা কারা তাঁর ভাইকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এ ব্যাপারে কিছু ধারণা করতে পারছে না পরিবার।ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে।