নোয়াখালীতে বিএনপি নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিএনপির মুজাহিদুল ইসলাম ওরফে এছহাক (৪৫) নামের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সেনবাগের খাজুরিয়া গ্রামের পূর্বপাড়ার একটি কালভার্টের ওপর থেকে আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।সেনবাগ উপজেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ মজুমদার বলেন, মুজাহিদুলের বাড়ি উপজেলার কেশাপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামে। তিনি ওয়ার্ড বিএনপির সদস্য। এ ছাড়া তিনি খাজুরিয়া বাজারে মুদির ব্যবসা করতেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে মুজাহিদুল খাজুরিয়া বাজারে তাঁর দোকান বন্ধ করেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ ভোরে গ্রামের পূর্বপাড়ার মসজিদ-সংলগ্ন কালভার্টের ওপর তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। আজ সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মুজাহিদুলের লাশ উদ্ধার করে। সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘লাশের মুখমণ্ডল কিছুটা থেঁতলানো বলে মনে হয়েছে। এ ছাড়া নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার দাগ রয়েছে। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। পুলিশ লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’