নোয়াখালীতে বিএনপির ঢিলেঢালা হরতাল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে আজ বৃহস্পতিবার বিএনপির ঢিলেঢালা হরতাল চলছে। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে ওই হরতাল ডাকা হয়।হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের সমর্থকেরা শহরের মাইজদী বাজার, দত্তেরহাট ও ফকিরপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন। হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় রিকশা ছাড়া ভারী কোনো যানবাহন চলাচল করছে না। সকাল সাড়ে আটটার দিকে সোনাইমুড়ীর কলেজ গেট এলাকায় সংবাদপত্রের গাড়ি থেকে নয়া দিগন্ত, আমার দেশ ও সংগ্রাম ছাড়া অন্য সব পত্রিকায় আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। সকাল থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত বিএনপিকর্মীরা শহরে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করেন। সকাল ১০টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে শহরে মিছিল হয়।বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে শহরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের পর সাংসদ শহীদ মিনার প্রাঙ্গণের গণজাগরণ মঞ্চে সমাবেশ করেন।ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, নিরুত্তাপ হরতাল চলছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সোনাইমুড়ীতে সংবাদপত্রে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু কাউকে আটক করা যায়নি।