নোয়াখালীতে সন্ত্রাসীর গুলিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে সন্ত্রাসীর গুলিতে একই বাড়ির দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন একই পরিবারের অন্তত ছয়জন। আজ মঙ্গলবার সকালে ওই গ্রামের মনু মিজির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—সেতারা বানু (৫৫) ও ইসমাইল হোসেন ওরফে খলিল (৪২)। প্রতিবেশীরা জানান, ইসমাইল হোসেনের সঙ্গে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে কয়েক দিন ধরে প্রতিবেশী সবুজের বিরোধ চলছিল। গতকাল সোমবার সবুজের ঘর থেকে একটি মুঠোফোন চুরি হয়। সবুজ এই চুরির ঘটনায় ইসমাইলের বাড়িতে কর্মরত দিনমজুরদের দায়ী করেন। এ নিয়ে আজ সকালে বাগবিতণ্ডার একপর্যায়ে সবুজ ঘর থেকে আগ্নেয়াস্ত্র এনে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে উপস্থিত ইসমাইল হোসেনসহ আটজন গুলিবিদ্ধ হন। চন্দ্রগঞ্জের ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে সেতারা বানু ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইসমাইল হোসেন মারা যান। আহত অন্যদের ওই দুই হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনাস্থল থেকে প্রথম আলো ডটকমকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। আজ একপর্যায়ে সবুজ তাঁর ঘর থেকে আগ্নেয়াস্ত্র এনে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ওসির ভাষ্যমতে, সবুজ স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর অস্ত্রধারী ক্যাডার।