নোয়াখালীতে ২৪ ঘণ্টায় তিনটি লাশ উদ্ধার
নোয়াখালী শহর ও বেগমগঞ্জ উপজেলা থেকে ২৪ ঘণ্টায় তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তিনটি লাশই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম বলেন, আজ বিকেল চারটার দিকে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে রোকেয়া বেগম (৩৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রোকেয়া ওই গ্রামের আবুল খায়েরের স্ত্রী ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান বলেন, গতকাল বিকেলে বেগমগঞ্জের কুতুবপুর গ্রামে গোলাম মাওলা (৫৫) খুন হন। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।সুধারাম থানার এসআই মো. বাদল বলেন, নোয়াখালীর জেলখানা সড়কের একটি বাড়ি থেকে গতকাল রাত আটটার দিকে গৃহকর্মী মনোয়ারা বেগমের (১২) লাশ উদ্ধার করা হয়। গৃহকর্তা বিমা কোম্পানির কর্মকর্তা এ কে এম সাখাওয়াত উল্লার কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মৃত্যুর কারণ রহস্যজনক মনে হওয়ায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।