নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে পালিত হচ্ছে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন বাতিলের দাবিতে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে আজ বুধবার শান্তিপূর্ণ হরতাল পালন করছে বিএনপি।আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর ও রামগঞ্জ পৌরসভা নির্বাচন বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে অর্ধদিবস হরতাল পালন করছে বিএনপি। ভোরে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। শহরের ঝুমুর হল, বিসিক এলাকাসহ বিভিন্ন স্থানের গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।এ ছাড়া শহরের বটতলী ও মান্দারি এলাকায় বড় গাছ কেটে রাস্তায় ফেলে রাস্তা বন্ধ করে রাখে তারা। পরে পুলিশ এসে এগুলো সরায়। এদিকে জেলায় রিকশা চলাচল করলেও লক্ষ্মীপুরের আন্তজেলা ও সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে। একই সঙ্গে স্কুল-কলেজ বন্ধ রয়েছে।বিএনপির সাংসদ শহিদউদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, বেলা তিনটায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। এরপর নেতা-কর্মীদের নিয়ে শহরে মিছিল বের করা হবে। তিনি বলেন, লক্ষ্মীপুরের জনগণ গতকাল মঙ্গলবারের নির্বাচন বর্জন করেছে। তারা কোনো গডফাদারকে মেয়র হিসেবে দেখতে চায় না। তাই লক্ষ্মীপুরবাসী পুনরায় নির্বাচন দাবি করছে।ফেনী প্রতিনিধি জানান, ফেনীর তিনটি পৌর নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও ফলাফলের কাগজ ছিনতাইয়ের প্রতিবাদে বিএনপি আজ বুধবার শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করছে। শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। স্কুল-কলেজে ক্লাস হচ্ছে না। শহরে রিকশা চলাচল স্বাভাবিক থাকলেও অন্য কোনো যানবাহন চলাচল করছে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস কম চলাচল করলেও মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। সকালে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্টে ও মহাসড়কের মহিপালে বেশ কটি ককটেল বিস্ফোরিত হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। দুপুর পর্যন্ত শহরে হরতালের পক্ষে তেমন কোনো পিকেটিং চোখে পড়েনি।জেলা শহরের মতো সবগুলো উপজেলা সদরেও শান্তিপূর্ণভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। হরতালের কারণে শহরে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। আজ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিএনপির কর্মীরা পিকেটিংয়ের জন্য অবস্থান করে। তবে প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থানের কারণে তারা মূল শহরে প্রবেশ করতে পারছে না।হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ রয়েছে। রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করছে না। লোকজনের উপস্থিতিও তেমন নেই। একই অবস্থা বিরাজ করছে জেলার সেনবাগ উপজেলায়। তবে সেখানে হরতালের পক্ষে সকাল থেকে কোনো মিছিল কিংবা পিকেটিং হয়নি।সকাল সাতটার দিকে নোয়াখালী শহরের টাউনহল মোড়, মাইজদী বাজার, জামে মসজিদ, পৌরবাজার, দত্তেরহাট ও সোনাপুর এলাকা ঘুরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।গতকাল মঙ্গলবার নোয়াখালী পৌরসভার বিভিন্ন কেন্দ্রে, সেনবাগ পৌরসভার সব কয়টি কেন্দ্র থেকে দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিএনপি এ হরতালের ডাক দেয়।