নোয়াখালী পৌরসভায় স্থগিত ১৪ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট
নোয়াখালী পৌরসভার স্থগিত ১৭টি কেন্দ্রের মধ্যে ১৪টিতে আজ শনিবার ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।সকাল থেকে সব কটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও নয়টার দিকে মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল বহিরাগত কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা ও তিনটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া দু-একটি কেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনায় একজন পুলিশ কনস্টেবলসহ ১০ জন আহত হয়েছেন। তাঁর নাম রবিউল (২৮)।নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এখন পরিস্থিতি শান্ত।প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি নির্বাচন চলাকালে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বাক্স ভাঙচুর, নির্বাচনী কর্মকর্তাদের মারধরসহ বিভিন্ন অনিয়ম ও সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টির ভোট গ্রহণ স্থগিত করে। পরে কমিশনের তদন্ত শেষে ১৪টি কেন্দ্রের নির্বাচন বাতিল করে সেগুলোতে পুনর্নির্বাচন এবং বাকি তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গত বুধবার বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র হারুনুর রশীদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই তিনটি কেন্দ্রের ফল ঘোষণা ও গেজেট প্রকাশ তিন মাসের জন্য স্থগিত করেন।