নোয়াখালী-ফেনী সড়ক অবরোধ, বিক্ষোভ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহতের প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জের দোকানঘর এলাকা অবরোধ করেছে এলাকাবাসী। আজ সোমবার সকালে ওই এলাকায় নোয়াখালী-ফেনী সড়ক নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত অবরোধ করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা দুটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে এসএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে লক্ষ্মীনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র মো. বাপ্পি (১৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়। ওই মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাপ্পি মারা যায়। আজ সকাল নয়টার দিকে লক্ষ্মীনারায়ণপুরে নিহতের বাড়িতে জানাজা ও দাফন শেষে এলাকাবাসী সড়ক অবরোধ করে। এ সময় তাঁরা সুগন্ধা ও আল আমিন পরিবহনের চার-পাঁচটি বাসের জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাড়ে নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।