নোয়াখালী-রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষকসহ নিহত ৩
নোয়াখালীর বেগমগঞ্জের কালিকাপুরে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে আজ শুক্রবার সকালে ও রাজবাড়ীর আহলাদীপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষকসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে।আজ সকালে নোয়াখালীতে একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামাতা ও শাশুড়ি নিহত এবং চারজন আহত হয়।হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আফজাল হোসেন জানান, নিহতেরা হলেন বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ এলাকার নারায়ণ মালাকার (৬২) ও তাঁর শাশুড়ি বিন্দা রানী (৮০)। সকাল সাড়ে ছয়টার দিকে চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার এ সংঘর্ষের ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। সিএনজিচালকসহ আহত অপর চারজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, গতকাল বিকেলে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সাচিবিকবিদ্যা বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ (৩৮) দায়িত্ব পালন শেষে নিজ মোটরসাইকেলে উপজেলার বারবাখপুরে গ্রামের বাড়ি ফিরছিলেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে আহলাদীপুর পাগলা জামাইয়ের মাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক তাঁকে মোটরসাইকেলসহ চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাজবাড়ী পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে আটটার দিকে তিনি মারা যান। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।