নোয়াখালী সরকারি কলেজে ছাত্রলীগের ভাঙচুর
নিজেদের শিক্ষার্থীকে ভর্তি করাতে কর্তৃপক্ষ রাজি না হওয়ায় নোয়াখালী সরকারি কলেজে ব্যাপক ভাঙচুর করেছেন ছাত্রলীগের একাংশের কর্মীরা। এ সময় তাঁরা কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের গালমন্দ ও অপমান করেছেন বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে এই কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন আহ্বান করা হয়। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে তিনটি শাখায় ভর্তির জন্য এক হাজার ১৫০ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।জানা গেছে, বর্তমানে তিনটি শাখায় ৩৯৯টি শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ রয়েছে। এ অবস্থায় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন ওরফে পলাশসহ ছাত্রলীগের একটি পক্ষ আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের পছন্দের শিক্ষার্থী ভর্তির দাবি জানায়। অধ্যক্ষ তাঁদের কথায় রাজি না হওয়ায় ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করতে থাকেন। এ সময় তাঁরা উপাধ্যক্ষের কক্ষ ও অফিস কক্ষ ছাড়াও বিভিন্ন শ্রেণীকক্ষের ৩৫-৪০টি জানালার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে অধ্যক্ষ স্বপন চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের একটি অংশ অপেক্ষমাণ তালিকা বাদ দিয়ে খালি আসনগুলোতে তাঁদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তির দাবি জানায়। আমরা বোর্ড ও মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে ভর্তি করা সম্ভব নয় জানালে তারা ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর করে এবং আমাদের অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে।’ছাত্রলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন দাবি করেন, ‘তাঁরা পছন্দের কাউকে ভর্তির জন্য বলেননি এবং ভাঙচুরের সঙ্গেও জড়িত ছিলেন না। অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরাই ভর্তি হতে না পেরে ক্যাম্পাসে ভাঙচুর করেছে। আমরা তাঁদের নিবৃত্ত করেছি।’সুধরাম থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।