নোয়াখালী-৬ আসনের ফল বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া-সুবর্ণচর) আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন আদালত।নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া স্বতন্ত্র প্রার্থী আয়েশা ফেরদাউসের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এমদাদুল হকের একক বেঞ্চ এই রায় দেন। রায়ে ১ নম্বর হরণী ও ২ নম্বর চানন্দী ইউনিয়নের ১০টি কেন্দ্রে নতুন ভোটার তালিকা তৈরি করে ওই আসনে পুনরায় ভোট গ্রহণের আদেশ দেওয়া হয়েছে।তবে নির্বাচনে জয়ী স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম প্রথম আলোকে বলেছেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল করবেন।২০০৮ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কোনো প্রার্থী ছিল না। ফজলুল আজিম পেয়েছিলেন ৭২ হাজার ৯৬৯ ভোট। অপরদিকে আয়েশা ফেরদাউস পেয়েছিলেন ৬৭ হাজার ৯৮৩ ভোট। আয়েশা ফেরদাউস গত বছরের ২৩ ফেব্রুয়ারি নির্বাচনী ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে তিনি ১০টি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ আনেন।আদালত তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। গতকাল দেওয়া রায়ে আদালত উল্লেখ করেন, ফজলুল আজিমের বিরুদ্ধে কেন্দ্র দখলসহ অন্যান্য অভিযোগ প্রমাণিত হয়নি। তবে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোটার পুনর্বিন্যাস ও ভোটকেন্দ্র সরিয়ে নিয়েছেন, যা তাঁর এখতিয়ারে ছিল না। এ জন্য পুরো ফলাফল বাতিল করা হলো।বাদী পক্ষে আমীর-উল ইসলাম, তানিয়া আমীর এবং বিবাদী পক্ষে রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান মামলা পরিচালনা করেন। এর আগে আদালত ভোলা-৩ আসনের জসিমউদ্দিন, টাঙ্গাইল-৫ আসনের আবুল কাশেম এবং চাঁদপুর-১ আসনের মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। এর মধ্যে ভোলা-৩ আসনে পুনরায় ভোট গ্রহণ করা হয়েছে।