নোয়াখালীতে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরে আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ, ভাঙচুর করেছে। তারা শহরের প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করার প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একরামুল করিম চৌধুরী অব্যাহতি চেয়ে আবেদন করার ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে নোয়াখালী শহরের জামে মসজিদ মোড়, দত্তের হাটসহ বিভিন্ন স্থানে অবরোধ করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ের ভেতর থেকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র রাস্তায় বের করে সেগুলো ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। এরপর সোনাপুর, দত্তের হাট, মাইজদী বাজার ও টাউন হল মোড়ে প্রায় ১০-১২টি গাড়ি ভাঙচুর করে তারা। এতে বেলা তিনটা থেকে শহরের প্রধান সড়কে (মাইজদী-সোনাপুর) যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর থেকে চলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।এ ব্যাপারে সাংসদ একরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, শারীরিক অসুস্থতার কারণে দলীয় পদের দায়িত্ব পালন করতে অসমর্থ বোধ করছিলেন তিনি। সে কারণে চার দিন আগে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম সেলিমের কাছে অব্যাহতি চেয়ে আবেদন জমা দেন।সাংসদের আবেদন পাওয়ার কথা স্বীকার করে খায়রুল আনম বলেন, ‘এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আমরা তাঁকে অনুরোধ করেছি। তিনি এতে রাজি না হলে আমরাও পদত্যাগ করব।’