নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে বিক্ষোভ
নোয়াখালীতে ওলামা পরিষদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২৭, আটক ৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের সঙ্গে ওলামা পরিষদের ব্যাপক সংঘর্ষের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছে। পরে পুলিশ লাঠিপেটা ও ১৫ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।আজ শনিবার বিকেলে উপজেলা সদরের বসুরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনসহ পাঁচজনকে আটক করেছে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল পাঁচটার দিকে ওলামা পরিষদের ব্যানারে কয়েক শ লোক অনুমোদিত নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে বসুরহাট বাজার থেকে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। একপর্যায়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ লাঠিপেটা ও শটগানের গুলি ছুড়তে থাকে। এ ঘটনায় পুলিশের সাত সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।