নোয়াখালীতে কাল সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে কাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় নোয়াখালীর নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। আজ সোমবার বেলা দুইটায় জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।এদিকে খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা আংশিক) নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।বেলা দেড়টার দিকে খোকনকে কারাগারে পাঠানোর খবর পেয়ে শতাধিক দলীয় নেতা-কর্মী সোনাইমুড়ী উপজেলা সদরে বিক্ষোভ করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে তিন-চারটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে সোনাইমুড়ী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।একই ঘটনায় চাটখিলেও বিকেলে দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোনাইমুড়ী ও চাটখিলে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।আজ সোমবার সকালে হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ। এ ছাড়া এই মামলায় জামায়াতের পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে আদালত এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তিনি নিম্ন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম এরফান উল্লাহ তা নাকচ করে ওই নির্দেশ দেন।বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীকে জীবিত ফেরত দেওয়ার দাবিতে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে ফ্যালকন টাওয়ারের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে।