নোয়াখালীতে ছাত্রদলের সম্মেলনে যুবদলের হামলা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএম কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনে যুবদলের কর্মীরা হামলা চালিয়েছেন। এ নিয়ে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাতজন আহত হয়েছেন। আজ সোমবার এ ঘটনা ঘটেছে। হামলায় আহত ব্যক্তিরা হলেন—ছাত্রদলনেতা আল মামুন (২২), রুবেল (২০), ওমর ফারুক (২২), নজরুল ইসলাম (১৮), আশরাফ আলী (২২) এবং যুবদলের কর্মী সুমন (২৪) ও ইউছুফ আলী (৩০)। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে কলেজ মিলনায়তনে সম্মেলন শুরু হয়। এর ঘণ্টাখানেক পর স্থানীয় যুবদলের নেতা মাঈন উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন সম্মেলনে অতর্কিত হামলা চালান। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ছড়িয়ে পড়লে অন্তত সাতজন আহত হন। পরে রাসেলকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে বিএম কলেজ শাখা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল মতিন বলেন, ‘মাঈন উদ্দিন এমনিতেই বখাটে প্রকৃতির। তিনি নিজেকে যুবদলের নেতা দাবি করলেও কোনো পদে নেই। অনুষ্ঠানে তাঁকে দাওয়াত না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি দলবল নিয়ে সম্মেলনে হামলা চালান।’তবে এ ব্যাপারে কথা বলতে বারবার যোগাযোগ করেও মাঈন উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুধীর বড়ুয়া প্রথম আলোকে বলেন, হামলা-সংঘর্ষের ঘটনার কথা আমরা শুনেছি। তবে ঘটনাস্থলে পুলিশ যায়নি এবং থানায় কেউ এ নিয়ে কোনো লিখিত অভিযোগ করেননি।