নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে গতকাল সোমবার রাতে ছাত্রলীগের নোয়াখোলা ইউনিয়নের পূর্বাঞ্চল শাখার সভাপতি মোরশেদ আলম ওরফে সুমনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের নেতা মোরশেদ আলমের সঙ্গে খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের ছাত্রদল কর্মী জাবেদের পূর্ববিরোধ ছিল। এর জের ধরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে কড়িহাটি দক্ষিণ-পূর্ব বাজারে জাবেদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে মোরশেদকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। চাটখিল থানার পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।