নোয়াখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
নোয়াখালীতে পারিবারিক অশান্তির কারণে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার ছোট কেগনা গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত ব্যক্তির নাম বেলাল (৪০)। তাঁর ছোট ভাইয়ের নাম সোহাগ (৩২)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে গত বুধবার থেকেই ঝগড়া চলছিল। গতকাল বেলাল ঘরের পাশের টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় সোহাগ একটি ধারালো ছোরা দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করেন। বেলালের চিত্কারে বাড়ির লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরই সোহাগ পালিয়ে যান।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে জানান, পারিবারিক অশান্তিই ওই হত্যাকাণ্ডের কারণ। এ ঘটনায় নিহত বেলালের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।