নোয়াখালীতে টেক্সটাইল কলেজে ছাত্র সংঘর্ষ, আহত ১০
নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আজ বৃহস্পতিবার বেলা একটায় ডিপ্লোমা ও বিএসসি শাখার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এরপর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।গুরুতর আহত চার ছাত্রকে নোয়াখালী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএসসি শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরই প্রতিক্রিয়ায় আজ ডিপ্লোমা শিক্ষার্থীরা তাঁদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ডিপ্লোমা শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে বিএসসি শিক্ষার্থীদের ওপর হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষের সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে কলেজ অনির্দিষ্টকাল বন্ধের ঘোষণা দেওয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাসের মোহাম্মদ শামীম কলেজ বন্ধ ঘোষণার সত্যতা স্বীকার করেছেন।