নোয়াখালীতে ডাকাতদের হামলায় নিহত ১, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডাকাতের গুলিতে আবদুল জলিল (২৮) নামের একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যসহ চারজন। উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোখলেছুর রহমানের বাড়িতে গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে ডাকাতি চলাকালে তাঁরা হতাহত হন।আহত ব্যক্তিরা হলেন মোখলেছুর রহমান (৫০), মনির হোসেন (২২), মামুন (১৮) ও আবদুল হানু (৩২)। আহতদের বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, ডাকাতেরা নগদ এক লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসেট ও অন্যান্য মূল্যবান মালামালসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার সম্পদ লুট করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক তিনটার দিকে ১০-১২ জন সশস্ত্র ডাকাতের একটি দল দরজা ভেঙে মোখলেছুর রহমানের বাড়িতে ঢোকে। ডাকাতেরা গৃহকর্তা মোখলেছুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বাড়ির অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালাতে থাকে। এ সময় তাঁদের চিত্কারে পাশের বড়ির বাসিন্দারা সাহায্য করতে এগিয়ে এলে ডাকাতেরা তাদের ওপরও হামলা চালায়। একপর্যায়ে আশপাশের বাড়ির লোকজন এসে ডাকাতদের ঘিরে ফেলার চেষ্টা করলে, তারা এলোপাতাড়ি চার-পাঁচটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতের গুলিতে পাশের বাড়ির আবদুল জলিল (২৮) গুলিবিদ্ধ হন। তাত্ক্ষণিকভাবে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তিনি মারা যান।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব ডাকাতি ও ডাকাতের গুলিতে নিহত হওয়ার খবর নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।