নোয়াখালীতে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাইনিংয়ে বিনাপয়সায় খাওয়াকে কেন্দ্র করে নোয়াখালী চিকিত্সা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ে (ম্যাটস) দুই দল শিক্ষার্থীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা দুইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন।আহত শিক্ষার্থীদের মধ্যে সাতজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন দ্বিতীয় বর্ষের রহমতউল্লা (১৯), রাজশী বড়ুয়া (১৮), তৃতীয় বর্ষের মেহেদী হাসান (১৯), সাইফুল ইসলাম (২১), কৈশিক পাল (২০), নাজমুল হাসান (২০) ও পারভেজ (২১)। এ ছাড়া বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও আবাসিক কর্মচারীরা জানান, বেলা দেড়টার দিকে প্রশিক্ষণ বিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিংয়ে বিনাপয়সায় খাওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ ও তৃতীয় বর্ষের সোহেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাহফুজ তাঁর হাতে থাকা খাবারের প্লেট সোহেলের ওপর ছুড়ে মারেন। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেলা দুইটার দিকে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দ্বিতীয় বর্ষের ছাত্ররা তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আবাসিক হলের সাতটি কক্ষ ভাঙচুর করেন এবং আসবাবপত্র তছনছ করেন। এ সময় ছাত্রদের ডাইনিংয়ের দরজা-জানলা ভাঙচুর করা হয়। খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে নাম প্রকাশ না করার শর্তে তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁদের সহপাঠীদের ওপর হামলা চলাকালে বহিরাগত কিছু যুবক রড ও লাঠিসোঁটা নিয়ে হামলায় অংশ নেন। পুলিশ আসার পর ওইসব বহিরাগত পালিয়ে গেলেও পুনরায় হামলার ভয়ে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। এ ঘটনায় কোনো মামলা হয়নি।ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কাদের সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে ছাত্ররা খাবার নিয়ে মারামারি করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় করণীয় ঠিক করতে বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।’