নোয়াখালীতে নৌকা ডুবে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহীসংলগ্ন নোয়াখালী নদীতে আজ শনিবার সকালে নৌকা ডুবে দুজন মারা গেছেন। তাঁরা হলেন কোম্পানীগঞ্জের সেকান্দর মিয়া (৫৫) ও নুর মাওলা (৩৫)। তাঁরা দুজনই স্থানীয় গাঙচিল আবাসন (আশ্রয়ন) প্রকল্পের বাসিন্দা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া আটটার দিকে গাঙচিল আবাসন প্রকল্পের ৪৫ জন বাসিন্দা একটি মাছধরা নৌকা ভাড়া নিয়ে ভিজিএফ কার্ডের চাল আনতে হেঞ্জু মাঝির ঘাটে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিকে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছলে প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় নৌকাটি উল্টে যায়। নৌকার ৪৩ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও সেকান্দর ও নুর মাওলা নিখোঁজ হয়ে যান। পরে স্থানীয় লোকজন ও জেলেদের সহায়তায় বেলা ১১টার দিকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তিদের দাফনের জন্য দুই হাজার টাকা করে দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, জেলেদের নৌকায় লোক পারাপার নিষিদ্ধ। এর পরও আবাসন প্রকল্পের লোকেরা ঝুঁকি নিয়ে নদী পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।