নোয়াখালীতে পিকেটিং, টায়ারে আগুন
নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং ও টায়ারে আগুন দেওয়ার মধ্য দিয়ে ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিন চলছে। আজ বুধবার সকালে ১৮ দলের সমর্থকেরা শহরের নতুন বাসস্ট্যান্ড, পৌর বাজার, গ্যারেজ ও ফকিরপুর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন।সকাল নয়টায় হরতালের সমর্থনে শহর বিএনপির সভাপতি আবু নাছেরের নেতৃত্বে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।গতকাল মঙ্গলবার রাতে শহরের দত্তেরহাটে ঝটিকা মিছিল বের করে একটি মোটরসাইকেল ও একটি ট্রাক ভাঙচুর করেন পিকেটাররা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান। রাত সাড়ে নয়টার দিকে শহরের স্টেডিয়াম এলাকায় ছয়-সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটে।ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে ঢিলেঢালা হরতাল চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।