নোয়াখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ৪ ডাকাত আটক
নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া ডিগ্রি কলেজের কাছে গতকাল শনিবার মধ্য রাতে পুলিশ ও একদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে। এ ঘটনায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।হুমায়ুন কবীর জানান, গোপন সূত্রে পুলিশ জানতে পারে সোমপাড়া কলেজের পাশে ১০-১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবরের ভিত্তিতে রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১০-১৫ মিনিটব্যাপী এই বন্দুকযুদ্ধে তিন ডাকাত এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান, সহকারী উপপরিদর্শক (এএসআই) নন্দন চৌধুরী ও কনস্টেবল সুমন আহত হন। তাঁদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে চারটি দেশি বন্দুক, একটি কাটা বন্দুক ও একটি ধারালো ছুরি রয়েছে। এ ছাড়া ৩০টি গুলিও উদ্ধার করা হয়।