নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। সোনাইমুড়ীতে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন ও বেগমগঞ্জর চৌমুহনী চৌরাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক তরুণ নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন সোনাইমুড়ীর শাকতলা গ্রামের মো. সোহেল (২৪) ও আমকি গ্রামের মো. কিরণ (৩৮) এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সিংহুয়াপাড়া গ্রামের নুর আলম (১৭)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ১০টার দিকে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের নদনা সেতুর কাছে রামগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সোহেল ও কিরণ নিহত হন। অটোরিকশার চালকসহ চারজন আহত হন। এর মধ্যে মো. সিরাজ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলীম শেখ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত তরুণ নুর আলম স্থানীয় একটি হারবাল ওষুধ কোম্পানির প্রচারপত্র বিতরণ কর্মী ছিল।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ সকাল সোয়া ১০টার দিকে চৌমুহনী চৌরাস্তায় নির্মিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভের নিচে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের যাত্রীদের প্রচারপত্র বিলি করছিলেন নুর আলম। এ সময় মাইজদী থেকে চৌমুহনীগামী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীনুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।