নোয়াখালীতে বাল্যবিবাহের দায়ে বরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ নিরোধ আইন অমান্য করার অপরাধে আমিনুল ইসলাম (২৬) নামের এক বরকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত আমিনুলকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে ওই জেল-জরিমানার আদেশ দেন। আদেশে আদালত বর ছাড়াও অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে কনের চাচা আবদুল লতিফ কোরেশীকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, বিয়ে পড়ানো মৌলভি জসিম উদ্দিনকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, নিকাহ রেজিস্ট্রার কাজী মাঈন উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা এবং বিয়ের সাক্ষী বজলের রহমানকে ৫০০ টাকা জরিমানা করেন।আদালত ওই বিয়েকে অবৈধ ঘোষণা করে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কনেকে বর স্ত্রী হিসেবে দাবি করতে পারবেন না মর্মে নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কলাবাড়িয়া গ্রামের ওই মেয়ের সঙ্গে ১৭ সেপ্টেম্বর একই ইউনিয়নের মঝিরখিল গ্রামের জাফর আহম্মদের ছেলে আমিনুল ইসলামের বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।