নোয়াখালীতে বাস-টেম্পোর সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আজ শনিবার সকাল নয়টার দিকে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে স্কুল ও কলেজ শিক্ষার্থীসহ সাতজন নিহত হয়েছে। উপজেলার একলাসপুর এলাকায় মাইজদী-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়। এর প্রতিবাদে ঘটনার পর থেকে বিকেল চারটা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে।নিহতেরা হলো—স্থানীয় একলাসপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মমতাজ বেগম ও পূর্ণিমা আক্তার, সপ্তম শ্রেণীর মোহাম্মদ বাবু ও পপি আক্তার, নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মেরি ও নাজমা আক্তার এবং টেম্পোর চালক আবুল কাশেম।প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তা এলাকা থেকে যাত্রীবাহী টেম্পোটি সকাল নয়টার দিকে একলাসপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন এবং নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর তিনজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার পর সকাল সোয়া নয়টার দিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। এরপর থেকে নোয়াখালীর সঙ্গে সড়ক পথে ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবরোধ তুলে নেওয়ার জন্য অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে।