নোয়াখালীতে পৌর নির্বাচন চলাকালে গাড়ি পোড়ানোসহ বিভিন্ন ঘটনায় দায়ের করা মামলায় শহর বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর মতিঝিল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালী শহর বিএনপির সহসভাপতি মাঈনউদ্দিন ফরহাদ (৪৮), শহর যুবদলের সহসভাপতি কামাল উদ্দিন (৩৫), যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাটু (৩২), কর্মী সারোয়ার উদ্দিন রনি (২৫) ও শহর বিএনপির সদস্য কামাল উদ্দিন (৩৫)। গ্রেপ্তারের কথা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন আজ দুপুরে প্রথম আলোকে জানান, তিনি নিজে ঢাকা গিয়ে ওই আসামিদের গ্রেপ্তার করেছেন। এর পর গ্রেপ্তারকৃতদের যুবলীগ নেতা জহিরের মাইক্রোবাস পোড়ানোর মামলাসহ পৌর নির্বাচন চলাকালে সহিংস ঘটনায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য; ১৮ জানুয়ারি নোয়াখালী পৌরসভার নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, বাক্স ভাঙচুর, নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ এবং যুবলীগ নেতার মাইক্রোবাসে অগ্নিসংযোগ ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটনা ঘটে। এসব ঘটনায় নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে দুইটি, যুবলীগ নেতার ভাই ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাদী হয়ে সুধারাম থানায় গত বৃহস্পতি ও শুক্রবার রাতে থানায় পৃথক চারটি মামলা দায়ের করেন। এদিকে, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মো. শাহজাহান অভিযোগ করে প্রথম আলোকে বলেন, পৌর নির্বাচনে ক্ষমতাশীন দলের কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করতে সেদিন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে তাঁদের প্রতিবাদ করেছিল। কিন্তু পুলিশ এখন বিভিন্ন সাজানো মামলায় তাঁদের দলের নেতাকর্মীদের আসামি দেখিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে।