নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, গ্রেপ্তার ১৬
নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, গাছ ফেলে সড়ক অবরোধ ও পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের মধ্য দিয়ে আজ রোববার হরতাল পালিত হচ্ছে। এদিকে হরতালের আগের রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৬ জন কর্মীকে আটক করে। আজ রোববার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, আজ সকাল সাতটার দিকে নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকায় স্টেশন রোডের মুখে প্রধান সড়কে পিকেটররা কয়েকটি গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় পুলিশ পিকেটারদের ধাওয়া করে গাছের গুঁড়িগুলো গাড়িতে তুলে নেয়।সকাল আটটার দিকে একই এলাকায় হরতালে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নাশতা পরিবহনকারী একটি পিকআপ ভ্যানসহ দুটি পিকআপের কাচ ভাঙচুর করে পিকেটাররা। এ সময় পুলিশ ধাওয়া করে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।এ ছাড়া সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত হরতালের সমর্থনে জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে দুই পক্ষ আলাদাভাবে বিক্ষোভ মিছিল করে।হরতালের আগের রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১১ ও জামায়াতের পাঁচজন কর্মী-সমর্থককে আটক করে। এর মধ্যে সুধারাম থানায় পাঁচজন, কোম্পানীগঞ্জে একজন, বেগমগঞ্জে চারজন, সোনাইমুড়িতে তিনজন, চাটখিলে দুজন ও সেনবাগে একজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী আজ দুপুরে প্রথম আলো অনলাইনকে বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। গতকাল রাতে আটক করা ১৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।