নোয়াখালীতে ব্যবসাপ্রতিষ্ঠানে দুই ঘণ্টা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের প্রধান সড়কে আজ রোববার সকালে পিকআপ ভ্যানের চাপায় এক দোকান কর্মচারী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। এ ছাড়া বিভিন্ন দোকানের শত শত শ্রমিক সকাল সাড়ে নয়টা থেকে দুই ঘণ্টা প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা দুটি বাস ও সিএনজিচালিত তিনটি অটোরিকশা ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল সাড়ে নয়টার দিকে শহরের বিশাল সেন্টারে কর্মরত মো. এনামুল হক (৩২) একটি অটোরিকশা থেকে রাস্তার পাশে নামেন। এমন সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাত্ক্ষণিক তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই অন্যান্য দোকানের শ্রমিকেরা বিশাল সেন্টারের সামনে জড়ো হতে থাকেন। সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকেরা শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন। পরে ট্রাকমালিকের পক্ষ থেকে এনামুলের চিকিত্সা বাবদ আর্থিক সহায়তার আশ্বাস দিলে দোকান শ্রমিকেরা অবরোধ তুলে নেন।সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুর রহমান বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতিতে ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঙ্গে দোকানের শ্রমিকদের বৈঠক হয়। ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে আহত শ্রমিক এনামুলকে চিকিত্সার খরচ দেওয়া হবে এমন আশ্বাস পেয়ে তাঁরা অবরোধ তুলে নেন।