নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা
নোয়াখালীর নলেরচরের দক্ষিণ শান্তিপুর এলাকায় গতকাল রোববার রাতে মো. নূরুজ্জামান (৩২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। নূরুজ্জামানের বাড়ি উপজেলার হরনি ইউনিয়নের (নলেরচর) দক্ষিণ শান্তিপুর গ্রামে। তাঁর বাবার নাম ইসলাম মাঝি। শান্তিরঘাট বাজারে একটি মুদি দোকান রয়েছে তাঁর। পুলিশ জানায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে শান্তিরঘাট বাজার এলাকা থেকে নূরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায় ও ধারাল অস্ত্র দিয়ে কোপায়। নূরুজ্জামানের গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে নলেরচরের মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।