নোয়াখালীতে যুবলীগ সমর্থক খুন, গ্রেপ্তার ১
নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের দরাপপুর গ্রামে গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তদের হাতে গোলাম হোসেন (২৫) নামে যুবলীগের এক সমর্থক খুন হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মহিউদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে আজ রোববার সকালে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে চার-পাঁচজনের একদল সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দরাপপুর গ্রামের মহিউদ্দিনের চায়ের দোকানে বসা গোলাম হোসেনের ওপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় গোলাম হোসেনের ডান হতের রগ ও গলা কেটে হত্যা করে লাশ পার্শ্ববর্তী বাড়ির একটি বাগানের ভেতর ফেলে যায়।সূত্র জানায়, জিরতলী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে একই এলাকার কামাল উদ্দিন এবং ফয়েজ ও রাশেল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গোলাম হোসেন খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।ঘটনাস্থল পরিদর্শনকারী বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়লাল ঘোষ প্রথম আলো অনলাইনকে জানান, গোলাম হোসেন ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত। ওই এলাকার অন্য একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে তিনি খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।পুলিশ জানায়, গোলাম হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত গোলাম হোসেন ওই ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বিজয়নগর গ্রামের নূর নবীর ছেলে। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ডাকাতি, মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে। খুনের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।