নোয়াখালীতে যুবলীগের কর্মী হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে যুবলীগের কর্মী মো. স্বপন (২৪) হত্যার ঘটনায় আজ শনিবার ছয়জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। নিহত স্বপনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে মামলাটি করেন। পূর্বশত্রুতার জের ধরে গতকাল শুক্রবার জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল বিকেলে স্বপন তাঁর স্ত্রীকে নিয়ে রাজগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে নানা শ্বশুরের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যা সাতটার তিনি পার্শ্ববর্তী মসজিদের সামনে গেলে একদল সন্ত্রাসী তাঁকে তুলে নিয়ে যায়। পরে শ্রীধরপুর গ্রামের রফিক মিয়ার খালি বাড়িতে নিয়ে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে আহত করে। এ ঘটনা দেখে পারুল নামের স্থানীয় এক নারী চিত্কার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্বপনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। স্বপনের বাবার দাবি, প্রায় দেড় মাস আগে স্বপনের সঙ্গে শ্রীধরপুর গ্রামের সুরুজ মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ খান প্রথম আলোকে জানান, কুপিয়ে আহত করার পাশাপাশি হাত-পায়ের রগ কেটে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে স্বপনের মৃত্যু হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে।